আগের ম্যাচে করেন জোড়া গোল, ইন্টার মায়ামিকে ফেরান জয়ের ধারায়। তবে গোল ক্ষুধা মেটেনি লিওনেল মেসির। আজো জ্বলে উঠলেন তিনি, ফের করলেন জোড় গোল, সতীর্থদের দিয়ে করালেন আরো দুটো।
রোববার (১ জুন) সকালে মেজর লিগ সকারের ম্যাচে কলম্বাসের মুখোমুখি হয় মায়ামি। যেখানে কলম্বাসকে তাদেরই ঘরের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে গোলাপি জার্সিধারীরা।
এই ম্যাচে জোড়া গোল করে দারুণ এক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির এখন সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন তিনি। এই মুহূর্তে মেসির গোল সংখ্যা ৩১টি।
এদিন মায়ামি লিড নেয় ম্যাচের ১৩ মিনিটের মাথাতেই। মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে। ২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
সতীর্থকে বল দিতে গিয়ে কলম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেন বল তুলে দেন বক্সের কাছাকাছি জায়গায় থাকা মেসির পায়ে। এমন সুযোগ পেয়ে ভুল করেননি মেসি। গোল করে মায়ামিকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে।
এরপর ২৪ মিনিটের নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন মেসি। মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর তুলে দিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন মেসি।
স্বস্তি নিয়েই বিরতিতে যায় মায়ামি। তবে বিরতির পর ৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। গোল করেন সিজার রুভালকাবা। তবে ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১ করে ফেলে মায়ামি।
আর ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে মায়ামির হয়ে ৫ম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।
এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯।
শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মেসিরা এখনো পিছিয়ে ৫ পয়েন্টে। তবে ফিলাডেলফিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেছে মায়ামি।