আর্সেনালের সাথে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই বেশ জমে উঠেছে ম্যানচেস্টার সিটির। সেই লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেল পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

রোববার পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। স্বাগতিকদের বিপক্ষে জোড়া গোল করেন আর্লিং হলান্ড। অন্য গোলটি ফিল ফোডেনের।

দাপুটে এই জয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে গেল ম্যানসিটি। সিটিজেনদের বর্তমান পয়েন্ট ৩৪। শীর্ষে থাকা আর্সেনালের থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে তারা।

গত মে মাসে এই প্যালেসের বিপক্ষেই এফএ কাপের ফাইনালে হেরেছিল সিটি। সাড়ে ছয় মাস পর সেই দলের বিপক্ষে নেমে আবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পেপ গার্দিওলার দল। উজ্জীবিত পারফর্ম করতে থাকে স্বাগতিকেরা।

অবশেষে ম্যাচের ৪০ মিনিটে ডেডলক ভাঙে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের লিড উপহার দেন হলান্ড। মাতেউস নুনেসের ক্রস হেডারে ক্রিস্টাল প্যালেসের জালে গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

৫৬তম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করতে পারত সিটি। কিন্তু ডি-বক্সে ঢুকে ইয়োশকো ভার্দিওলের শট পা দিয়ে আটকে দেন স্বাগতিক গোলরক্ষক।

৬৯ মিনিটে আসে দ্বিতীয় গোল। এবার ত্রাতা ফিল ফোডেন। বক্সের বাইরে থেকে পায়ের শটে জালে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। লিগে এই নিয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন ফোডেন।

৮৯ মিনিটে প্রতিপক্ষের আক্রমণ সামলে বল পায়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে, ডি-বক্সে ঢুকে পড়েন সাভিনিয়ো। গোলরক্ষককেও প্রায় কাটিয়ে ফেলেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। এই সময় তাকে ফাউল করে বসেন ডিন হেন্ডারসন।

ফলে পেনাল্টি পায় সিটি। যেখান থেকে স্কোর ৩-০ করতে কোনো সমস্যা হয়নি হলান্ডের। যা এবারের লিগে ১৬ ম্যাচে তার ১৭তল গোল।