শিরোপা নিষ্পত্তি হয়নি ফেডারেশন কাপের। নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত স্থগিত হয়েছে ফাইনাল। তবে পুরো ম্যাচ নয়, অতিরিক্ত সময়ের ১৫ মিনিট অনুষ্ঠিত হবে অন্য কোনো দিনে।
ফেডারেশন কাপের ফাইনালে আজ মঙ্গলবার মুখোমুখি হয় আবাহনী-বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গড়ায় শিরোপা নির্ধারণী এই ম্যাচ। তবে ১-১ গোল নিয়ে অমীমাংসিত রয়েছে ফলাফল।
প্রথমার্ধে সব ঠিক ছিল। ৪৫ মিনিটের খেলায় টান টান উত্তেজনা চোখে পড়ছিল। গোলও হয় সমান তালে।
গা গরম হয়ে ওঠার আগেই দেখা মেলে গোলের, ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস।
সাদ উদ্দিনের ফ্রি কিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড লেসকানোর হেডে কাঁপে আবাহনীর জাল। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি আবাহনী। মারুফুল হকের দল স্কোরলাইন ১-১ করে ১৩ মিনিটেই। গোল করেন ইবরাহীম।
এরপর প্রথমার্ধে দেখা মেলেনি গোলের। তবে উত্তেজনার কমতি ছিল না। একের পর এক আক্রমণ চালিয়ে যায় আবাহনী, বসুন্ধরাও এগিয়ে চলে বুঝে-শুনে। সেই সাথে হতে থাকে একের পর এক ফাউল।
এর মাঝে ৩৮ মিনিটে এক ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। দ্বন্দ্ব লাগে দু’দলের মাঝে। শাকিল হোসেন ও রিমন হোসেনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন ম্যাচ রেফারি।
দ্বিতীয়ার্ধে এক মিনিট ৫২ সেকেন্ড মাঠে খেলা গড়ানোর পরই বৃষ্টির হানা, সাথে বৈশাখী ঝড়ের দাপট। রেফারি বাঁশি বাজিয়ে ম্যাচ বন্ধের নির্দেশনা দেন। দু’দলের খেলোয়াড়রা দৌড়ে ড্রেসিংরুমে চলে যায়।
খেলোয়াড়দের অনুপস্থিতিতে দর্শকরাই বনে যান খেলোয়াড়। বৃষ্টিবাঁধা উপেক্ষা করে নেমে আসেন মাঠে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ হলেও ঝড় নিয়ন্ত্রণ করা যায়নি, ঝড়ের তাণ্ডবে উড়ে যায় স্টেডিয়ামের অস্থায়ী ডাগআউট। লণ্ডভণ্ডন্ড হয়ে যায় প্রেসবক্স।
প্রায় ২০ মিনিট পর বৃষ্টি থামলে মাঠ পরিচর্যার কাজ শুরু হয়। ৩৫ মিনিট পর বিকেল ৫টায় আবারো শুরু হয় ম্যাচ। তবে আক্রমণের পসরা সাজিয়েও আর গোলের দেখা পায়নি দু’দলের কেউ। বিফলে যায় সব চেষ্টা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়ের ১৫ মিনিট খেলা হওয়ার পর আলোর স্বল্পতা দেখা দেয়। সন্ধ্যা নেমে আসে ময়মনসিংহের আকাশে।
এদিকে স্টেডিয়ামে ফ্লাডলাইটও নেই। ফলে খেলা চালানো সম্ভব হয়নি। ম্যাচ স্থগিত ঘোষণা করেন রেফারিরা। জানানো হয়, বাকি খেলার সময় বাফুফের পক্ষ থেকে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
এদিকে খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে আবাহনীর সুমনকে অহেতুক কড়া ট্যাকল দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন কিংসের ফয়সাল আহমেদ। তাতে স্থগিত থাকা ১৫ মিনিট ১০ জন নিয়েই খেলতে হবে বসুন্ধরা কিংসের।