আগের ম্যাচটা ভালো যায়নি, বাজেভাবে হেরে বসে মাদ্রিদ ডার্বি। তবে ঘুরে দাঁড়াতে সময় নিলো না রিয়াল মাদ্রিদ, ভিনিসিউস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পে মিলে ভিয়ারিয়ালের বিপক্ষে জেতালেন দলকে।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (৪ অক্টোবর) রাতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। যেখানে সফরকারীদের ৩-১ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। জোড়া গোল করেছেন ভিনিসিউস।
এদিন মাঠে পুরো আধিপত্য ছিল রিয়ালের। প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় দলটি, এর সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে ভিয়ারিয়ালের ৯ শটের দু’টি ছিল লক্ষ্যে।
অবশ্য গোলের জন্য রিয়াল মাদ্রিদকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধে পর্যন্ত। প্রথমার্ধে বারবার চেষ্টা করেও ভাঙতে পারেনি রক্ষণ। বিরতিতে যায় গোলহীন সমতা নিয়েই।
বিরতির পর ৪৭তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন ভিনিসিউস। এমবাপ্পের ফ্লিকে বাইলাইনের কাছে বল পান এই ব্রাজিলিয়ান, এরপর তার জোরাল শট সান্তি কোমেসানার পায়ে লেগে পোস্ট ঘেঁষে জালে জড়ায়।
এগিয়ে যাওয়ার পর ৬৯তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিই। ডি-বক্সে তাকে ফাউল করে পেনাল্টিটি উপহার দিয়েছিলেন ভিয়ারিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার রাফা ম্যারিন।
৭২তম মিনিটে কয়েক সেকেন্ডের মাঝে জুড বেলিংহ্যামের দু’টি শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। তবে উল্টা পরের মিনিটে ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে ব্যবধান কমান জর্জেস মিকাউতাদজে। ঝাঁপিয়েও তা আটকাতে পারেননি থিবু কোর্তোয়া।
চার মিনিট পর বড় একটা ধাক্কা খায় ভিয়ারিয়াল। ভিনিসিউসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সান্তিয়াগো মোরিনো। ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।
সেই সুযোগে ৮১তম মিনিটে ব্যবধান ফের ২ গোলে নিয়ে যান এমবাপ্পে। ব্রাহিম দিয়াসের পাস পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। তবে এরপর পরই চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।
তবে এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। আর ১৬ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে তিনে।