হলান্ডের গোল উৎসব চলছেই। আবারো জোড়া গোল করেছেন তিনি। জোড়া গোল করেছেন ম্যাক্সিম এস্তেভেও, তবে বার্নলির এই ডিফেন্ডার বল জড়িয়েছেন নিজেদের জালেই। এমন সব কাণ্ডে বড় জয় ম্যানসিটির।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ৬ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

সিটি প্রথম গোলটাই পায় আত্মঘাতী। দ্বাদশ মিনিটে বক্সের বাইরে থেকে জেরেমি ডোকুর শট গোলরক্ষক ঠেকানোর পর ফিল ফোডেনের প্রচেষ্টা বার্নলি ডিফেন্ডার এস্তেভের পায়ে লেগে জালে জড়ায়।

৩৮তম মিনিটে সমতায় ফেরে বার্নলি। কাছ থেকে অ্যান্থনির শট সিটির রুবেন দিয়াসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ব্যবধান ২-১ করেন ম্যাথিউস নুনেজ। হলান্ডের পাস থেকে মৌসুমের প্রথম গোল করেন পর্তুগিজ ডিফেন্ডার। চার মিনিট পরই ব্যবধান হয়ে যায় ৩-১। আবারো নিজেদের জালে বল পাঠান এস্তেভ।

প্রিমিয়ার লিগের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে দু’টি আত্মঘাতী গোল করলেন তিনি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের প্রথম গোলটি করেন হলান্ড। ডোকুর পাস পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে জালে পাঠান তিনি। স্কোর হয় ৪-১।

আর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে প্রতিপক্ষের হেডে বল পেয়ে বক্সে ঢুকে দলের পঞ্চম গোলটি করেন নরওয়ের তারকা। আসরের সর্বোচ্চ গোলদাতার গোল হলো ৮টি।