ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৪–১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার সেলহার্স্ট পার্কে অনুষ্ঠিত ম্যাচে সিটির হয়ে দুটি করে গোল করেন এরলিং হালান্ড ও রায়ান চেরকি। ফিল ফোডেন করেন দুটি অ্যাসিস্ট।
ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় সিটি। হালান্ডের হেডে গোল পায় তারা। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন চেরকি। দারুণ ড্রিবল করে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।
এরপর বক্সের বাইরে থেকে চেরকির নেওয়া শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এতে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন এই ফরাসি মিডফিল্ডার।
তবে চেরকির দুই গোলের মাঝখানে প্যালেসকে কিছুটা স্বস্তি দেন ইয়েরেমি পিনো। ফ্রিকিক থেকে তার নেওয়া শট ক্রসবারে লেগে সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার গায়ে প্রতিফলিত হয়ে জালে ঢোকে। গোলটি দোন্নারুম্মার আত্মঘাতী গোল হিসেবে দেওয়া হয়।
ম্যাচের শেষদিকে আবারও গোল করেন হালান্ড। ফিল ফোডেনের বাড়ানো বল পেয়ে বাম পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন নরওয়ের এই স্ট্রাইকার। এতে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি সিটির জয়ও নিশ্চিত করেন তিনি।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে হালান্ড বলেন, নতুন কোচ এনজো মারেস্কার অধীনে দল ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে। নতুন কোচের প্রতি আস্থা রেখে তার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার ওপরও জোর দেন তিনি।
হালান্ড বলেন, দলের অধিকাংশ খেলোয়াড় দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছেন। তবে অনেক ভালো খেলোয়াড়কে একসঙ্গে মানিয়ে নিতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।
মৌসুমের প্রথম ম্যাচে বোর্নমাউথের বিপক্ষেও পিছিয়ে পড়েছিল সিটি। শেষদিকে ঘুরে দাঁড়িয়ে জয় পায় তারা। ওই ম্যাচে বদলি হিসেবে নেমে দুটি গোলে সহায়তা করেছিলেন চেরকি।
প্রথম ম্যাচে শুরুর একাদশে জায়গা না পেলেও প্যালেসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে তার জবাব দেন চেরকি। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।
ম্যাচ শেষে চেরকি বলেন, পেপ গার্দিওলার সঙ্গে সিটির একটি অধ্যায় ছিল। এখন এনজো মারেস্কার অধীনে তারা নতুন একটি অধ্যায় শুরু করছেন। হালান্ডকে গোল করাতে এবং দলের হয়ে অবদান রাখতে চান বলেও জানান তিনি।
এদিকে গার্দিওলার পর সিটির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তরুণ মরক্কোর মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দির অভিষেক হয়েছে। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। চলতি সপ্তাহেই ফরাসি ক্লাব লিল থেকে ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে তাকে দলে ভেড়ায় সিটি।
অন্যদিকে, মৌসুমের শুরুটা ক্রিস্টাল প্যালেসের জন্য হতাশার হয়েছে। প্রথম ম্যাচে এভারটনের কাছে ২–০ গোলে হারের পর এবার সিটির কাছেও বড় ব্যবধানে হারল তারা। ফলে লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজিত হলো প্যালেস।
সূত্র: আল জাজিরা।
অনুবাদ: সাহানুর ইসলাম, নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।