অনুশীলন শুরু হওয়ার কথা ছিল বিকেল সাড়ে ৪টায়। তবে এর আগে শুরু হয় ভারী বৃষ্টি। যে কারণে জামালরা মাঠে আসেন একটু দেরিতে। কিছুক্ষণ শরীর গরম করার পর আবারো শুরু হয় বৃষ্টি। ফলে বৃষ্টির সাথে সন্ধি করে সারতে হয়েছে প্রস্তুতি।

যদিও প্রস্তুতি ঘাটতি পুষিয়ে নেয়ার বেশ সুযোগ আছে এখনো, মাঠের লড়াই শুর‍ু হতে সময় আছে হাতে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

একই প্রতিপক্ষের সাথে ফিরতি ম্যাচ ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে খেলবে বাংলাদেশ দল। এই দুই ম্যাচের জন্য গত রোববার ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করে হাভিয়ের কাবরেরা। পরে সেই স্কোয়াড ২৮ থেকে বেড়ে হয় ৩০ জনে।

তাদের নিয়েই মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রথম অনুশীলনে নামে দল। বৃষ্টিবিঘ্নিত অনুশীলনের মাঝেই দল ও নিজেকে নিয়ে কথা বলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলের মূল দুর্বলতা।

সাংবাদিকদের জামাল ভূঁইয়া বলেন, ‘যারা ফুটবল ফলো করেন, তারা সবই জানেন। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে পোস্টের সামনে গোল করতে না পারা এবং শেষ মিনিটে গোল খাওয়া।’

জামাল ভূঁইয়ার দাবির সত্যতা প্রমাণ করে পরিসংখ্যান। গত বছরের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল ম্যাচ খেলেছে ১১টি। এই ১১ ম্যাচে তারা গোল করতে পেরেছে মাত্র ৬টি, বিপরীতে গোল হজম করেছে ১৭টি।

গোল করতে না পারা বেশ ভোগাচ্ছে দলকে। যার প্রভাব পড়েছে এশিয়ান কাপ বাছাইপর্বেও। যেখানে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ৩ নম্বরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হংকং।

পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও ১টি গোল বেশি করায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে দুই ম্যাচে গোলশূন্য থাকায় তালিকার একেবারে নিচে ভারত।

এশিয়ান কাপের দৌড়ে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ ম্যাচে হারলে শেষ হয়ে যাবে মূল পর্বে খেলার স্বপ্ন। যা জানেন অধিনায়ক জামাল ভূঁইয়াও।

ম্যাচটা বাঁচা-মরার লড়াই আখ্যা দিয়ে বলেন, ‘আমাদের পরের ম্যাচটি ডু অর ডাই। আমরা যদি এ ম্যাচ হারি, তাহলে কোয়ালিফাই করা কঠিন হবে। হংকং ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

গণমাধ্যমের সাথে কথা বলেছেন মিডফিল্ডার সোহেল রানাও। ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। আন্তর্জাতিক পর্যায়ে এই ভুলগুলো করলে প্রতিপক্ষ কোনো সুযোগ দেবে না ঘুরে দাঁড়ানোর জন্য। আমাদের নিজেদের ভুলের কারণেই সিঙ্গাপুর ম্যাচটা জিততে পেরেছে।’

তিনি বলেন, ‘হংকংয়ের বিপক্ষে যে কাজগুলো করতে হবে, সেগুলো যদি সঠিকভাবে না করতে পারি, তাহলে আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আমরা বিশ্বাস করি, হংকংয়ের বিপক্ষে আমাদের জেতার মতো দল আছে। এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে আছে। বিশ্বাস করি ম্যাচটা জিততে পারব।’