সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশকে পেরিয়ে গেল জিম্বাবুয়ে। ইতোমধ্যে লিড নিতে শুরু করেছে তারা। হাতে আছে এখনো ৪ উইকেট। যা ভয়ের কারণ হয়ে উঠতে পারে টাইগারদের।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লাক্কাতুরায় টসে জিতে ব্যাট করে বাংলাদেশ। তবে সুবিধা করতে পারেনি, গুটিয়ে যায় ১৯১ রানে। জবাব দিতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে।
মোটা দাগেই প্রথম দিনটা ভালো কাটেনি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতার পর বোলিংও হয়নি প্রত্যাশা মতো।
আজ সোমবার দ্বিতীয় দিনে শুরু থেকেই তাই চেপে ধরতে হতো জিম্বাবুয়েকে।
সেই কাজটা সকাল থেকেই করার চেষ্টা করে টাইগাররা। ভয়ঙ্কর হয়ে ওঠেন নাহিদ রানা। গলার কাঁটা হয়ে ওঠা উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ২ রান যোগ করতেই হারায় প্রথম উইকেট, ১৮ রান করা বেন কারেনকে ফেরান নাহিদ।
নাহিদের হাত ধরে দ্বিতীয় উইকেট আসে ২১তম ওভারের শেষ বলে। দলীয় ৮৮ রানের মাথায় ব্রায়ান ব্যানেটকে ফেরান তিনি। ৬৪ বলে ৫৭ রান করেন তিনি। ৩ বল পর ফের উদযাপনের উপলক্ষ আসে। এবার উইকেট পান হাসান মাহমুদ।
নিক ওয়েলচেকে ২ রানেই থামান তিনি। তাতে দিনের শুরুটা ভালোই হয় বাংলাদেশের। তবে শন উইলিয়ামস হয়ে উঠেন গলার কাঁটা। ক্রেইগ আরভিনকে নিয়ে ৪১ ও ওয়েসলি মাধেভেরেকে নিয়ে যোগ করেন ৪৮ রান।
আরভিন ৮ ও মাধেভেরে ফেরেন ২৪ রানে। উইলিয়ামস ফেরেন ফিফটি পূরণ করে, ৫৯ রান করে। তবে ততক্ষণে বাংলাদেশের ১৯১ রানের সংগ্রহ পেরিয়ে যায় জিম্বাবুয়ে।
এই মুহূর্তে জিম্বাবুয়ে দলের সংগ্রহ ৬৪ ওভারে ৬ উইকেটে ২১৩ রান। মাঠে আছেন নায়াশা মায়াবো (৩১*) ও ওয়েলিংটন মাসাকাদজা (২*)। চা বিরতিতে আগে জিম্বাবুয়ের লিড ২২ রান।