ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে আর দেখা যাবে না আন্দ্রে রাসেলকে। বিদায় অবশ্য বলেছিলে আগেই, খেলে ফেললেন শেষ ম্যাচটাও। বিদায় বেলায় অনেক উপহার পেলেন বটে, তবে পাননি জয়ের দেখা।
পাঁচ ম্যাচের সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আন্দ্রে রাসেলের বিদায়ী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে ৮ উইকেটে। ২৮ বল হাতে রেখেই জিতে যায় অজিরা।
স্যাবাইনা পার্কে মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলতে নেমে তাণ্ডব চালান রাসেল, ২ চার ও ৪ ছক্কায় ১৫ বলে করেন ৩৬ রান।
তাছাড়া ব্রেন্ডন কিং ৩৬ বলে ৫১, গুদাকেশ মোতি ৯ বলে অপরাজিত ১৮ ও ১৬ বলে ১৬ রান করেন রোস্টন চেজ। বল হাতে এডাম জাম্পা ৩, ম্যাক্সওয়েল ও নাথান এলিস নেন ২টি করে উইকেট।
রান তাড়ায় যদিও পাওয়ার প্লেতেই দুই ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল (১২) ও মিচেল মার্শকে (২১) আউট করে অস্ট্রেলিয়ার ওপর চাপ সৃষ্টি করে ক্যারিবীয়রা, তবে এরপর আর উইকেট হারায়নি অজিরা।
জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিনের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। গ্রিন ৩২ বলে ৫৬ এবং ইংলিশ ৩৩ বলে ৭৮ রানে অপরাজিত ছিলেন। ১৫.২ ওভারেই নিশ্চিত হয় জয়।
নিজ দেশ জ্যামাইকাতেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন, তা সিরিজ শুরু আগেই জানিয়েছিলেন রাসেল। জন্মশহর কিংস্টনের এই ম্যাচটি তাই হয়ে থাকল ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তার শেষ ম্যাচ।
যদিও জয় উপহার দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, তবে বিদায় বেলা রাঙাতে চেষ্টার কমতি রাখেনি। রাসেলকে দেয়া হয় গার্ড অফ অনার। স্মারক হিসেবে দেয়া হয় জ্যামাইকান পতাকায় মোড়ানো ফ্রেমে বাঁধাই করা ব্যাট ও বল।
অবশ্য ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির মহাতারকা হলেও জাতীয় দলের হয়ে রাসেলের ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়, বিদায় বেলায় তবু তৃপ্ত এই ৩৭ বছর বয়সী। তৃপ্ত দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।
রাসেল টেস্ট খেলেছেন মাত্র একটি। ওয়ানডে খেলেছেন ৫৬টি, যার শেষটি বাংলাদেশের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে। আর টি-টোয়েন্টি খেলেছেন ১৪ বছরে মাত্র ৮৬টি। যেখানে তার রান ১১২২ এবং উইকেট ৬১টি।