আড়ালে থেকে নতুন ইতিহাস গড়েছেন অস্ট্রিয়ার করণবীর সিং। বদলে দিয়েছেন এক বছরে সর্বাধিক রানের রেকর্ড। মোহাম্মদ রিজওয়ানকে ছাপিয়ে গড়েছেন এই অবিশ্বাস্য কীর্তি।

চলতি বছর করণবীর এরই মাঝে করে ফেলেছেন ১ হাজার ৪৮৮ রান, যা এক বছরে সর্বোচ্চ। এর আগে রেকর্ডটি ছিল পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের। ২০২১ সালে ১৩২৬ রান করেছিলেন রিজওয়ান।

বছর শেষ হওয়ার এখনো মাস দুয়েক বাকি। এই রেকর্ডটা তাই কতদূর যায়, তাই এখন দেখার বিষয়।

১৮ থেকে ১৯ অক্টোবরের মাঝে রোমানিয়ার বিপক্ষে সিরিজ খেলে অস্ট্রিয়া ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে রিজওয়ানকে পেছনে ফেলতে করণবীরের দরকার ছিল ৮৭ রান। তবে প্রথম দিনেই সেই রেকর্ড ভেঙে দেন তিনি।

১৮ অক্টোবর দুই ম্যাচের ডাবলহেডারে প্রথম ম্যাচে ২৭ বলে করেন ৫৭ রান, আর দ্বিতীয় ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে ৪৬ বলে ৯০ রান করেন। তাতেই গড়েন নতুন বিশ্বরেকর্ড। পরদিনের দুই ম্যাচে করেন ৪৪ বলে ৭৪ ও ১২ বলে ২৭ রান।

তাতে চলতি বছর টি-টোয়েন্টিতে রান দাঁড়ায় ১ হাজার ৪৮৮। শুধু রান নয়, এক বছরে সর্বোচ্চ চার মারার রেকর্ডও ভেঙেছেন করণবীর। এমনকি ছক্কার দিকেও তিনি সবাইকে বহু পেছনে ফেলেছেন।

এই সিরিজে করণবীর মারেন ১৯টি চার, যার ফলে তার বছরে মোট বাউন্ডারির সংখ্যা দাঁড়ায় ১২৭। যেখানে রিজওয়ানের আগের রেকর্ড চারের সংখ্যা ছিল ১১৯। এদিকে পুরো বছরে তার ছক্কার সংখ্যা ১২২।

যেখানে এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা সূর্যকুমার যাদবের। ২০২২ সালে ৬৮টি ছক্কা মেরেছিলেন এই ভারতীয় অধিনায়ক।