ইতিহাস গড়ে বাংলার মেয়েরা আগেই নিশ্চিত করেছিল এশিয়ান কাপ। তবে অপেক্ষা ছিল প্রতিপক্ষের জন্য। এবার ফুরালো সেই অপেক্ষা, জানা গেল টাইগ্রেসদের দিতে হবে বড় পরীক্ষা।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ ‘বি’তে পড়েছে বাংলাদেশ। যেখান খেলতে হবে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন চীনের সাথে।

তাছাড়া ‘বি’ গ্রুপে আছে পিটার জেমস বাটলারের দলের অন্য দু’প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। র‍্যাঙ্কিংয়ে যারা বাংলাদেশ (১২৮) থেকে ঢের এগিয়ে, সবচেয়ে কাছের প্রতিপক্ষ উজবেকিস্তান, ৫১তম।

অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে মঙ্গলবার দুপুরে চার পটের ১২ দল নিয়ে অনুষ্ঠিত হয় ড্র অনুষ্ঠান। যেখানে পট-৪ থেকে ঋতুপর্ণাদের ভাগ্য নির্ধারণ হয়েছে ‘বি’ গ্রুপে।

তবে এই ড্র অনুষ্ঠানে ছিলেন না বাংলাদেশের কেউ। কোচ ও অধিনায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে কেউ যাননি। ফলে অংশগ্রহণ করা হয়নি আনুষ্ঠানিক ফটোসেশনেও।

উল্লেখ্য, আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপের ২১তম আসরে বাছাইপর্ব থেকে সবার আগে জায়গা নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা গড়ে ইতিহাস।

গ্রুপ ‘সি’ থেকে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে গত ২ জুলাই অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করে লাল সবুজরা। নিজেদের ইতিহাসে প্রথমবার তারা জায়গা করে নেয় এশিয়ান কাপের মূলপর্বে।

এবার মূলপর্বের প্রতিপক্ষও খুঁজে পেল আফিদারা। আগামী ৩ মার্চ সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আসরের রেকর্ড চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হয়ে আসর শুরু করবে বাংলাদেশ।

দু’দিন বিরতি দিয়ে একই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার মোকাবিলা করবে ঋতুপর্ণারা। আর ৯ মার্চ পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজরা।

গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল সরাসরি জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। তাদের সাথে তিন গ্রুপের সেরা দু’সেকেন্ড রানার্স আপও সুযোগ পাবে সেরা আটে। ২১ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির।