সিলেটে আজ শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এর আগে আলোচনায় বাংলাদেশের একাদশ।

যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের আগেই আলোচনায় থাকে বাংলাদেশ দলের একাদশ। কারা থাকবেন সেরা এগারোয়, তা নিয়ে চলতে থাকে আলোচনা। এর ব্যতিক্রম হয়নি এবারো।

নেদারল্যান্ডস সিরিজ শেষ হওয়ার সপ্তাহখানেক পরেই লিটন-তাসকিনদের নামতে হবে এশিয়া কাপে। নিজেদের গুছিয়ে নেয়ার শেষ সুযোগ এই তিনটা ম্যাচ। তবে আছে সব এলোমেলো হয়ে যাওয়ার শঙ্কাও।

এই সিরিজ দিয়ে যেমন আত্মবিশ্বাসের রসদ পেতে পারে বাংলাদেশ, তেমনি হতে পারে উল্টোও। সিরিজে ভুল কিছু হলে উঠবে সমালোচনার ঝড়ও। এই ঝুঁকি মাথায় রেখেই কি বাংলাদেশ খেলতে নামছে ডাচদের বিপক্ষে।

তাই একাদশ কেমন হবে, তা নিয়েও ভাবতে হচ্ছে। যদিও এই সময়ে এসে খুব বেশি পরীক্ষা করতে চায় না ম্যানেজমেন্ট, সুযোগও নেই। মোটামুটি ফরম্যাট তৈরিই আজকের একাদশের।

শঙ্কা থাকলেও তা কেটে গেছে, পারভেজ ইমন থাকছেন একাদশ। তানজিদ তামিমের সাথে ওপেন করবেন তিনি। তিনে খেলবেন অধিনায়ক লিটন দাস, চারে তাওহীদ হৃদয় ও পাঁচে আছেন জাকের আলি।

ছয়ে খেলতেন শামিম পাটোয়ারী। তবে তিনি এখনো পুরোপুরি ফিট নয় বলে গতকাল (শুক্রবার) জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। এই জায়গায় তাই সাইফ হাসান আসতে পারেন একাদশে।

তবে সাইফ আসলে হয়তো তিনে অথবা চারে দেখা যেতে পারে তাকে। ফলে বাকিদের ব্যাটিং পজিশন পরিবর্তন হতে পারে। এই জায়গায় অবশ্য নুরুল হাসান সোহানও সুযোগ পেতে পারেন, তবে বোলিং করতে পারায় এগিয়ে থাকবেন সাইফ।

সাতে শেখ মেহেদী ও আটে খেলবেন রিশাদ হোসেন। একাদশে দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের জায়গা নিশ্চিত। অন্যজন হতে পারেন তানজিম সাকিব।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, জাকের আলী, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম সাকিব।