টেস্ট ও ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। প্রথম ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজেও দাঁড়িয়ে খাদের কিনারে। পা ফসকালেই বিপদ, তবে এই সিরিজটাও যে হারাতে হবে।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ রোববার মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। ডাম্বুলায় খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রথম ম্যাচে পাল্লাকেলেতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি, হেরে যায় ৭ উইকেটের বড় ব্যবধানে। আগে ব্যাট করে কোনো রকমে দেড় শ’ ছাড়ায় দল, ৫ উইকেটে তুলে ১৫৪ রান।

লক্ষ্য তাড়ায় হেসে-খেলেই জিতে যায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ফিফটিতে এক ওভার হাতে রেখেই জিতে যায় তারা। সিরিজে এগিয়ে যায় ১-০ তে।

এর আগে, ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর জয়ে ফিরেছিল। শেষ ম্যাচটাকে রূপ দিয়েছিল অলিখিত ফাইনালে। যদিও তা জিততে পারেনি।

এবার জিততে পারবে কি না তা সময়ই বলে দেবে। তবে ম্যাচটা জিতেতে চায় বাংলাদেশ। সিরিজ নির্ধারণের জন্য যেতে চায় শেষ ম্যাচে।

তবে ম্যাচের ফল নিয়ে ভাবার আগে নিজেদের পারফরম্যান্স নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে। ব্যাটিং, বোলিং- কোনো বিভাগ নিয়েই স্বস্তিতে নেই অধিনায়ক।

প্রথম টি-টোয়েন্টি শেষে ব্যাটিং নিয়ে তার অনুযোগ, ‘যারা উইকেটে থিতু হয়ে গিয়েছিল, তাদের আরো এগিয়ে যাওয়া দরকার ছিল।’ আর বোলিং নিয়েও হতাশ লিটন, ‘আমরা ভালো বোলিং করতে পারিনি।’

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ বাঁচাতে চাইলে তাই ব্যাটে-বলে ভালো করার বিকল্প নেই। যেখানে অবশ্য সামনে থেকে নেতৃত্ব দিতে হবে লিটনকেই, তবে অফফর্মে থাকা অধিনায়ক তা কতটা পারবেন তাই এখন দেখার বিষয়।

সাদা বলে দুর্দশা চলছেই লিটনের। ১১ বলে ৬ রানে থেমেছেন। টি-টোয়েন্টিতে এ নিয়ে টানা ১৩ ইনিংসে পঞ্চাশ করতে পারলেন না তিনি। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার সবশেষ ফিফটি ১৬ ইনিংস আগে।

এদিকে খেলাটা হচ্ছে এমন এক ভেন্যুতে, যেখানে কোনো টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ২০১০ সালের পর সর্বশেষ ২০১৭ সালে এখানে ওয়ানডে খেলেছে বাংলাদেশ।

একটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও, অন্যটায় বড় জয় পায় বাংলাদেশ। তামিম ইকবালের সেঞ্চুরিতে স্বাগতিকদের হারায় ৯০ রানে। সেই দলের তিনজন আছে এবারের দলে- মিরাজ, তাসকিন ও মোস্তাফিজ।

অধিনায়ক লিটন দাসেরও এখানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই। তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী, শামীমদের কাছে ডাম্বুলা তো একদমই অচেনা। তাই এখানে খেলাটা চ্যালেঞ্জিং হবে।

সেই চ্যালেঞ্জ জয় করতেই মাঠে নামছে বাংলাদেশ।