দ্য হান্ড্রেডে রাজত্ব ধরে রাখলো ওভাল। গত দুই আসরের মতো এবারো শিরোপা জিতেছে তারা। ট্রেন্ট রকেটসকে হারিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তুলল স্যাম বিলিংসের দল।

লর্ডসের ফাইনালে রোববার রাতে জমজমাট লড়াইয়ের পর ২৬ রানে জয় পেয়েছে ওভাল ইনভিন্সিবলস। ফলে শিরোপা পুনরুদ্ধার করা হলো না রকেটসের, ভাঙতে পারল না ওভালের অপরাজেয় যাত্রা।

ফাইনালে টস জিতে আগে ব্যাট করে উইল জ্যাকস ও জর্ডান কক্সের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৬৮ রানের পুঁজি পায় ওভাল। জবাবে ৮ উইকেটে ১৪২ রান পর্যন্ত করতে পারে রকেটস।

প্রথমে ব্যাট করে মুয়েয়ের সাথে ওপেনিংয়ে নামেন জ্যাকস। তাওন্দা মুয়েয়ে ১৫ রান করে আউট হলেও জ্যাকস তাণ্ডব চালিয়ে যেতে থাকেন। তিনে নামা কক্সকে নিয়ে গড়েন ৮৭ রানের জুটি।

আউট হওয়ার আগে জ্যাকস ৪১ বলে করেন ৭২ রান। কক্সের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪০ রান। শেষ দিকে স্যাম কারানের ১০ বলে ১৫ ও ফেরেইরার ৮ বলে ১২* রানে ভর করে ১৬৮ রানের পুঁজি পায় ওভাল।

জবাবে শুরুটা আশানুরূপই করেছিল রকেটস। জো রুট ও টম ব্যানটনের ওপেনিং জুটি থেকে আসে ৩৬ রান। এই জুটি ভাঙার পর ১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। ব্যান্টন করেন ২৩ রান।

পাঁচে নামা স্টয়নিস ছাড়া কেউ বলার মতো রান করতে পারেননি। ৩৮ বলে ৬৪ রান করে শেষ পর্যন্ত লড়াই করেছেন স্টয়নিস। শেষ পর্যন্ত ১৪২ রানে থাকে রকেটসের ইনিংস।

তাতে ২৬ রানের জয়ে আবারো শিরোপা উঁচিয়ে ধরে ওভাল ইনভিন্সিবলস। বল হাতে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাথান সোটার। আর ৯ ইনিংসে ৩৬৭ রান নিয়ে টুর্নামেন্ট সেরা ওভালের জর্ডান কক্স।