বিপিএল নিয়ে বিতর্ক একদম শুরু থেকেই। বার বার নতুন শুরুর ঘোষণা দিলেও পরিবর্তন আসেনি, বিতর্ক পিছু ছাড়েনি। তবে এবার জোরেশোরে বদলে যাওয়ার চেষ্টা করছে বিসিবি।
বিপিএল নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন, সতর্ক ও সাবধানী বিসিবি। খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম কায়মনোবাক্যে চাচ্ছেন বিপিএল নিয়ে পূর্বে ঘটা নানা বিতর্কের অবসান হোক।
সেই লক্ষ্যে তিনি দারস্থ হয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের। তাদেরসহ আরো একাধিক ক্রিকেটারদের নিয়ে সোমবার বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
বিসিবি কার্যালয়ের সেই বৈঠকে তামিম-মুশফিক ছাড়াও মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, জাকির হাসান উপস্থিত ছিলেন। ভিডিও কলে তাদের সাথে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত।
বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম ও অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এই সভায় উপস্থিত ছিলেন। সভায় বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ, কোন কোন জায়গায় উন্নতি করা যায়- এসব নিয়ে নিজেদের পরামর্শ ও মতামত দিয়েছেন সবাই।
জানা গেছে, আজ মঙ্গলবার বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকদের সাথে বিপিএলের উন্নতি নিয়ে আলোচনা করবে গভর্নিং কাউন্সিল। পরবর্তীতে ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পনসরদের সাথেও আলাপ করবেন তারা।
উল্লেখ্য, বিপিএল শুরুর প্রায় দেড় যুগ ধরে অনুষ্ঠিত হলেও এখনো কোনো সাজানো-গোছানো, আকর্ষণীয়, জমজমাট ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি আসর হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। প্রতিটি আসরে সঙ্গী হয়েছে বিতর্ক।
অনিয়ম, অব্যস্থাপনা, ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফদের বেতন ভাতা, পারিশ্রমিক ও আনুসাঙ্গিক সুযোগ-সুবিধা নিয়েই রাজ্যের অভিযোগ এখনো বিপিএলের নিত্য সঙ্গী হয়ে আছে।
গত বছর রাজশাহী ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি কর্তৃক খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নানা টালবাহানা, অনিয়ম ও অপেশাদার মানসিকতা বিপিএলকে হাস্যকর এক আসরে পরিণত করেছিল। এমনকি বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিয়োগ নিয়েও তৈরি হয় নানা প্রশ্ন।