ওভাল টেস্টে নাটকীয়তার হাতছানি। বড় চ্যালেঞ্জের মুখে ইংল্যান্ড। জিততে হলে ইতিহাস গড়তে হবে তাদের, করতে হবে ৩৭৪ রান। ওভালের এই মাঠে এত রান তাড়া করে আগে কখনো জেতেনি কেউ।
দক্ষিণ লন্ডনের এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা যে ২৬৩ রানের। সেই রেকর্ডটার বয়স হয়ে গেছে ১২৩ বছর, ১৯০২ সালে। কেবল সেই একবারই আড়াই শ’ পেরিয়ে জিতেছিল কোনো দল।
ওভালে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি ভারত, গুটিয়ে যায় মাত্র ২২৪ রানে। ইংলিশরাও অবশ্য বেশিদূর যেতে পারেনি, ২৩ রানের লিড নিয়ে থামে ২৪৭ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত।
যশস্বী জয়সাওয়ালের সেঞ্চুরিতে ৩৯৬ রান তুলে সফরকারীরা। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান। এরপর ১ উইকেটে ৫০ রান তৃতীয় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। এখনো পিছিয়ে ৩২৪ রানে।
শনিবার ২ উইকেটে ৭৫ রান নিয়ে খেলতে নামা ভারতকে নতুন দিনে শক্ত ভিত গড়ে দেন জয়সওয়াল ও আকাশ দ্বিপ। দু’জনে গড়েন ১০৭ রানে জুটি। এর মাঝে ৭০ বলে ফিফটি তুলে নেন আকাশ।
৯৪ বলে ৬৬ রানে আকাশকে থামান ওভারটন। পাঁচে নেমে সুবিধা করতে পারেননি শুভমান গিল, আউট হোন ৯ বলে ১১ করে। তাতে এক সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডের সুযোগ হারিয়েছেন।
১৯৭১ সালে নিজের অভিষেক সিরিজে চার টেস্টেই ৭৭৪ রান করেছিলেন সুনীল গাভাস্কার। গিল থামলেন ৫ টেস্টে ৭৫৪ রান নিয়ে।
এরপর সেঞ্চুরি তুলে নেন জয়সাওয়াল। যদিও এরপর ইনিংস বেশি বড় করতে পারেননি, ২৬৪ বলে ১১৮ রান তার। মাঝে করুন নায়ার ফেরেন ৩২ বলে ১৭ করে। ২৭৩ রানে ৬ উইকেট হারায় ভারত।
এরপর রাবিন্দ্র জাদেযা ৫৩, ধ্রুব জুড়েল ৩৪ ও ওয়াশিংটন সুন্দর করেন ৫৩ রান। তাতে চার শ’র কাছাকাছি পৌঁছায় ভারত। জশ টাং ৫ ও গ্যাস অ্যাটকিনসন নেন ৩ উইকেট।
বিশাল এই লক্ষ্য তাড়ায় অবশ্য ইংল্যান্ড দিন শেষ করেছে চাপ নিয়েই, শেষ বেলায় ৩৬ বলে ৩৪ করে আউট হয়েছেন জ্যাক ক্রলি। ৪৮ বলে ৩৪ রানে ব্যাট করছেন বেন ডাকেট।