বুলাওয়েতে প্রথম দিনেই জিম্বাবুয়েকে চোখ রাঙালো নিউজিল্যান্ড। বলে-ব্যাটে দেখিয়েছে দাপট। বল হাতে জ্বলে ওঠেন কিউই পেসার ম্যাট হেনরি। তার আগুনে বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেছে স্বাগতিকরা।

বুধবার প্রথম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে মাত্র ১৪৯ রানে অলআউট করে কিউইরা। আর পরে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।

দিন শেষে ডেভন কনওয়ে ৫১ এবং উইল ইয়ং ৪১ রানে অপরাজিত আছেন। অবশ্য নিউজিল্যান্ডে এখনো ৫৭ রানে পিছিয়ে আছে।

সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেটে পেসারদের জন্য ছিল সহায়তা। সেটি খুব ভালোভাবে কাজে লাগালেন ম্যাট হেনরি। শুরু থেকেই চেপে ধরেন জিম্বাবুয়েকে, ফিফটি করতে পারেননি তাদের কেউ।

সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাট থেকে। দুই অঙ্ক ছুঁতে পারেন আর কেবল তিনজন। টাফাডজোয়া সিগা ৩০ ও নিক ওয়েলচ নেন ২৭ রান।

কিউইদের হয়ে মাত্র ৩৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। যা হেনরির টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবার পাঁচ উইকেট। এছাড়া ২০ রান দিয়ে ৩ উইকেট নেন নাথান স্মিথ।

জবাব দিতে নেমে নিউজিল্যান্ডকে ভালো শুরু এনে দেন ইয়াং ও কনওয়ে। দলকে কোনো বিপদে পড়তে দেননি তারা। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮৩ বলে ৫০ স্পর্শ করেন কনওয়ে। ইয়াংও দাঁড়িয়ে ফিফটির দুয়ারে।