ভারত আগে থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ছিল, এবার সেই তালিকায় যোগ হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। এসিসির সভা উপলক্ষে দেশগুলো আসতে চায় না ঢাকায়। অনিশ্চয়তায় পড়েছে এশিয়া কাপ।
ঢাকায় ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক কারণে বেশকিছু বোর্ড এই বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হলে তাতে অংশ না নেয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই। ইতোমধ্যে বিষয়টি এসিসি সভাপতি মহসিন নাকিভকেও জানানো হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ ভারতের রাজনৈতিক বৈরিতা তৈরি হওয়ায় তারা এসিসির এজিএম ভেন্যু নিয়ে আপত্তি জানায়। এমনকি রীতিমতো হুমকিও দিয়ে বসেছেন তারা।
যে হুঁশিয়ারি শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত বিসিসিআই সেই পথে হাঁটলে এবারের এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনাও শেষ হয়ে যেতে পারে।
ভারতীয় গণমাধ্যম বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে বলছে, ‘যদি ঢাকা থেকে এসিসি সভার ভেন্যু সরানো হয় তবেই এশিয়া কাপ হবে। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে ভারতের ওপর অপ্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে চাচ্ছেন।’
‘আমরা তাকে (এসিসি সভাপতি) ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছি, কিন্তু কোনো প্রতিক্রিয়াই পাইনি এখনো। শেষ পর্যন্ত যদি মহসিন ঢাকায় সভাটির আয়োজন করেন বিসিসিআই তা বয়কট করবে।’
শুধু ভারতীয় ক্রিকেট বোর্ড নয়; শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও এই বর্জনে যোগ দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে মহসিন নকভি বাংলাদেশে মিটিং আয়োজনের সিদ্ধান্ত নিয়ে জেদ ধরেছেন। তিনি ভেন্যু পাল্টাতে প্রস্তুত নন।