সব নাটকীয়তার অবসান হয়েছে গতকার বুধবার রাতে। অভিমান ভেঙে এসিসির সভায় যোগ দিয়েছে ভারত। প্রথম দিনের বৈঠকে বসেছে তারা। এর মধ্যেই নির্ধারিত হয়ে গেছে এশিয়া কাপের ভাগ্য। তবে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিলেও এশিয়া কাপের দায়িত্বে থাকছে না ভারত। আয়োজক হিসেবে তাদের নাম থাকলেও সরে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপ হবে আরব আমিরাতে।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করছে এমনই সংবাদ। তাদের মতে ঢাকায় হতে যাওয়া এসিসি সভা শেষেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

এবারের এশিয়া কাপে খেলবে আট দল। যেখানে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওমান, হংকং ও আরব আমিরাত। ২১ সেপ্টেম্বর এই টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়নের কারণে কয়েকদিন আগেই স্থগিত হয়েছে দুই দেশের সাদা বলের ক্রিকেটের সিরিজ। একই কারণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এসিসি সভায় যোগ দিতে চায়নি তারা।

একই সাথে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমানও আসতে অনীহা দেখায়। তবে ঢাকায় এজিএম করতে বদ্ধপরিকর ছিলেন এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। ফলে এসিসির সভায় যোগ দিতে বাধ্য হোন সবাই।

যদিও ভারতের প্রতিনিধিকে ঢাকায় আনার ব্যাপারে রাজি করাতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত অনলাইনে সভায় যোগ দিতে রাজি হয়েছেন তারা।