ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারছিলেন না নাজমুল হোসেন শান্ত। তবে এবার জ্বলে উঠলেন, তুলে নিলেন শতক। তাতে জয়ের ধারা ধরে রাখল আবাহনী। বড় পুঁজি গড়েও শেষ রক্ষা হলো না লিজেন্ড অফ রূপগঞ্জের।

মঙ্গলবার (১৮ মার্চ) রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। বিকেএসপিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯২ রান তুলে রূপগঞ্জ। জবাবে ৮ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় আবাহনী। ১০৮ বলে ১০১ রান করেন শান্ত।

তিন শ’ ছুঁইছুঁই লক্ষ্য তাড়ায় পারভেজ ইমন প্রথম ওভারে ফিরলেও জিসান আলম ও শান্ত মিলে ধরেন হাল। ৪৩ রানে জিসান আউট হলেও সেঞ্চুরির আগে থানেননি শান্ত। মিথুন (৩৪) ও মোসাদ্দেককে (১৯) নিয়ে দু’ শ’ পেরোয় আবাহনী।

এরপর মুমিনুল হক ৩৫ ও মাহফুজুর রাব্বি ৩১ রানে অপরাজিত থেকে নিশ্চিত করেন জয়। মাঝে মেহরাব ফেরেন ১৮ রানে। শরিফুল ও শেখ মেহেদী নেন দু’টি করে উইকেট।

এর আগে সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরিতে বড় পুঁজির ভিত পায় লিজেন্ড অফ রূপগঞ্জ। সাইফ ১০৩ বলে ৬৭ ও ৫৮ রান করেন জয়। এছাড়া জাকের আলি ৩৫ ও শেখ মেহেদী ২৮ রানে অপরাজিত থাকেন।

জাতীয় দলের দু’ ওপেনার ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তানজিদ তামিম ২০ বলে ২৪ ও সৌম্য সরকার ৩১ বলে করেন ২৭ রান। তাছাড়া আফিফ হোসেন করেন ২৬ রান। আবাহনীর হয়ে নাহিদ রানা ও মোসাদ্দেক নেন দু’টি করে উইকেট।

এই জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল বর্তমান চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচে ৫ জয় তাদের। আর ৬ ম্যাচে ৩ জয় নিয়ে ৫ নম্বরে লিজেন্ড অফ রূপগঞ্জ।