চলতি সপ্তাহের শেষ দিকে সারাদেশে বৃষ্টির তীব্রতা আরো বাড়তে পারে। আজ ও আগামীকাল শুক্রবার দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হলেও আগামী শনিবার থেকে পরবর্তী কয়েকদিন দেশের বেশির ভাগ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (১৯ জুলাই) ও সোমবার (২০ জুলাই) দেশের আট বিভাগের বেশির ভাগ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সোমবার তা সামান্য কমতে পারে।

এদিকে উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।