আগের সব রেকর্ড ভেঙে গেছে ইতোমধ্যেই, এখন ইংল্যান্ড দাঁড়িয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। তবে তার জন্য অপেক্ষা করতে হচ্ছে একটা রাত, ওভাল টেস্টের পঞ্চম দিনেই নতুন কিছুর সাক্ষী হচ্ছে বিশ্ব।

ওভালে ইংল্যান্ডকে করতে হতো ৩৭৪ রান। এই মাঠে এত রান তাড়া করে আগে কখনো জেতেনি কেউ। তবে চ্যালেঞ্জিং লক্ষ্যটাও হাতের নাগালে নিয়ে এসেছে তারা, ৬ উইকেটে তুলেছে ৩৩৯ রান।

দক্ষিণ লন্ডনের এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা ২৬৩ রানের। যা ১২৩ বছর, ১৯০২ সালে। সেই একবারই আড়াই শ’ পেরিয়ে জিতেছে ইংল্যান্ড। এবার ইতোমধ্যেই ভেঙেছে সেই রেকর্ড।

ম্যাচ জিততে যদিও এখনো ৩৫ রান করতে হবে ইংলিশদের, তবে সেটা হতে পারতো চতুর্থ দিনেই। কিন্তু শেষ বিকেলের বৃষ্টি অপেক্ষা বাড়িয়েছে, ম্যাচটা টেনে নিয়েছে পঞ্চম দিনে।

ইংল্যান্ডকে ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন জো রুট এবং হ্যারি ব্রুক। এই দুই ব্যাটার মিলে গড়েন ১৯৫ রানের জুটি। যেখানে ব্রুক ৯২ বলে ১১১ ও রুট আউট হন ১০৫ রানে।

এর আগে, চতুর্থ দিন (রোববার) ১ উইকেটে ৫০ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। সকালে ব্যাটিংয়ে নামেন ওলি পোপ ও বেন ডাকেট। তবে জুটি বড় হয়নি, আগেরদিন দারুণ ব্যাট করা ডাকেট ফেরেন ফিফটি করেই।

৮৩ বলে ৫৪ করে আউট হন তিনি। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি পোপ। ইংলিশ অধিনায়ক ফেরেন ৩৪ বলে ২৭ করে। ১০৬ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। এরপরই হাল ধরেন রুট ও ব্রুক।

যদিও শুরুতেই ফিরতে পারতেন ব্রুক। প্রসিধের বলে স্কয়ার লেগ সিরাজের হাতে ক্যাচ দিয়েছিলেন। ক্যাচ লুফে নিলেও শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে সীমানা পেরিয়ে যান সিরাজ।

জীবন পেয়েই টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে থাকেন তিনি। ৩৯ বলে হাফ সেঞ্চুরি পাওয়া ডানহাতি ব্যাটার সেঞ্চুরি করেছেন ৯১ বলে, যা ইংল্যান্ডের হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।

সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি, ৯৮ বলে ১১১ রানে আউট হন আকাশ দীপের বলে। ভাঙে রুটের সাথে তার ১৯৫ রানের জুটি। এদিকে চা বিরতি থেকে ফিরে ১৩৭ বলে তিন অংকে পৌঁছান রুট।

ক্যারিয়ারের ৩৯তম সেঞ্চুরি তুলে নেন সাবেক ইংলিশ অধিনায়ক। এরপর তিনিও আর থাকতে পারেননি, ১০৫ রানেই শেষ হয় ইনিংস। অন্যপ্রান্ত থেকে ফেরেন জ্যাকব বেথেলও (৫)।

৩৩৭ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর আর ২ রান যোগ হতেই নামে বৃষ্টি। তাতে আগেভাগেই দিনের খেলা শেষ ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। ফলে ম্যাচ গড়ায় পঞ্চম দিনে।

জয়ের জন্য যেখানে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান, হাতে ৪ উইকেট। জেমি স্মিথ ২ ও ওভারটন শুরু থেকে ইনিংস শুরু করবেন।