প্রথম দুই ম্যাচে হেরে লজ্জায় পড়তে হয় ওয়েস্ট ইন্ডিজকে। নেপালের কাছে সিরিজ হেরে বসে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ছিল ধবলধোলাইয়ের শঙ্কাও। তবে সেই শঙ্কা শেষ পর্যন্ত এড়িয়েছে ক্যারিবীয়রা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিরিজের শেষ ম্যাচে নেপালকে সহজেই হারিয়ে ধবলধোলাই এড়ায় ওয়েস্ট ইন্ডিজ। নেপালের দেয়া ১২৩ রানের লক্ষ্য ১০ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় তারা।
শারজাহতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে র্যামন সিমন্ডস ও জেদিয়া ব্লেডসের বোলিং তোপে সুবিধা করতে পারেনি নেপাল। ১৯.৫ ওভারে ১২২ রানেউ গুটিয়ে যায়।
দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান আসে কুশল ভুর্তেলের ব্যাট থেকে। ১৭ রান করেন রোহিত পাউডেল। যদিও শুরুটা ছিল ভালোই, উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। আর ১৩.৪ ওভারে ৩ উইকেটে আসে ৮৪ রান।
তবে এরপর আর ৩৮ রান তুলতেই শেষ ৭ উইকেট হারায় নেপাল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট নেন সিমন্ডস। ২০ রান খরচায় ২ উইকেট পেয়েছেন ব্লেডস।
জবাবে ১২.২ ওভার খেলে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। আকিম অগাস্ট ২৯ বলে ৪১ ও আমের জাঙ্গু ৪৫ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচ হেরেও তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানেই জিতল নেপাল। প্রথম ম্যাচে ১৯ রানে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ জয় পেয়েছিল নেপাল।