তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ দল। তবে সময় খুব একটা ভালো কাটছে না। টেস্ট ও ওয়ানডে সিরিজে মুখ থুবড়ে পড়েছে টাইগাররা। এবার সামনে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাল্লাকেলেতে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।

শ্রীলঙ্কার মাটিতে কখনো কোনো সিরিজ জয়ের আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশ দলের। টি-টোয়েন্টিতেও যার ব্যতিক্রম নয়। এমনকি টি-টোয়েন্টিতে দেশে কিংবা দেশের বাইরে, কখনোই পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে।

সব মিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যেখানে টাইগাররা জিতেছে তিনটিতে, শ্রীলঙ্কা জিতেছে দু’টি। তিন জয়ের দু’টি নিদাহাস ট্রফিতে।

দু’দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত ১৭ বার। যেখানে ১১ জয় শ্রীলঙ্কার। বাংলাদেশ জিতেছে ৬ ম্যাচে। শক্তিমত্তা, র‍্যাঙ্কিং বা ছন্দ- সব দিকেই এগিয়ে স্বাগতিকেরা।

টি-টোয়েন্টি অভিজ্ঞতার কথা বললে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখতেই হবে। টি-টোয়েন্টির সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল তারা। এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও আছে শিরোপা। তাছাড়া দলে আছে আইপিএলে খেলা অনেক ক্রিকেটার।

দলের চার পেসারের মধ্যে বিনুরা ফার্নান্দো ছাড়া তিনজনই আইপিএলে খেলেছেন। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না অভিজ্ঞ লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।

টি-টোয়েন্টিকে বলা হয় ব্যাটারদের খেলা। যেখানে বেশ পিছিয়ে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজেও ব্যর্থ ছিলেন ব্যাটাররা। একটা ম্যাচেও পারেননি পুরো ৫০ ওভার ব্যাট করতে। এমতাবস্থায় টি-টোয়েন্টিতে কী হবে তা নিয়ে আছে শঙ্কা।

এদিকে টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়টাও ভালো যাচ্ছে না দলের। গত মে মাসে শারজায় আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছে ২-১ এ। এরপর পাকিস্তানের বিপক্ষে হয় ৩-০ তে ধবলধোলাই।

সব মিলিয়ে টানা ৫ ম্যাচ হার বাংলাদেশের। দেখা যাক, শ্রীলঙ্কায় সেই জয়ের খরা কাটাতে পারে কিনা বাংলাদেশ।