হারানো মুকুট পুনরুদ্ধার করলেন ইমরানুর। আবারো দেশের ‘দ্রুততম মানব’ নির্বাচিত হয়েছেন তিনি। আবারো স্বর্ণ জিতলেন ১০০ মিটারের দৌড়ে। এ নিয়ে ঘরোয়া ১০০ মিটারে পঞ্চমবার চ্যাম্পিয়ন হলেন ইমরানুর।
শুক্রবার (২২ আগস্ট) শুরু হওয়া জাতীয় সামার অ্যাথলেটিকসে ট্র্যাকে নেমেই দেশের দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করলেন ইমরানুর। সোনা জিততে তিনি সময় নিয়েছেন মাত্র ১০.৬৪ সেকেন্ড।
চোটের কারণে গত ফেব্রুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি ইমরানুর রহমান। তার অনুপস্থিতিতে দেশের দ্রুততম মানবের খেতাব দখলে নিয়েছিলেন নৌবাবিহীর মোহাম্মদ ইসমাইল।
দ্রুততম মানবের মুকুট হারানো ইসমাইল এবার হয়েছেন তৃতীয়। তিনি ফিনিশ লাইন ছুঁয়েছেন ১০.৮৮ সেকেন্ডে। আর ১০.৮৬ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর আবদুল মোতালেব।
ইংল্যান্ডের শেফিল্ডে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুরের। ২০২২ সালে প্রথমবার বাংলাদেশের জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়েই ১০০ মিটারে সোনা জেতেন। এরপর জায়গাটা দখলেই রেখেছিলেন তিনি।
মাঝে দেশের বাইরে ২০২৩ সালে এশিয়ান ইনডোর ৬০ মিটারেও সোনা জিতেছিলেন ইমরানুর। এরই মধ্যে এশিয়ান র্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষে উঠে আসেন তিনি।