নতুন রূপের দল নিয়েও পুরনো গল্প বদলাতে পারল না পাকিস্তান। পারেনি দুঃসময়ের বেড়াজাল ভাঙতে। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। কিউই বোলারদের তোপে বিধ্বস্ত হয়েছে তারা।

রোববার ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ড। যেখানে আগে ব্যাট করে ১৮.৪ ওভারে ৯১ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তান। জবাবে ৫৯ বল ও ৯ উইকেটের জয় পায় কিউইরা।

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর অনেক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েই নিউজিল্যান্ড সফরে যায় পাকিস্তান। দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহরা। তবে তাতেও ব্যর্থতা কাটিয়ে ওঠা যায়নি।

নতুন শুরুর ঘোষণা দেয়া পাকিস্তান পারেনি নতুন কিছু করতে। মাত্র ৯১ রানে গুটিয়ে গিয়ে বরং লজ্জায় ডুবেছে। যা নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর।

কাইল জেমিসন ও জ্যাকব ডাফির তোপের মুখে পড়ে পাকিস্তান। প্রথম ২.২ ওভারে ১ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। দুই ওপেনারই ফিরেছেন শূন্য হাতে। পাওয়ার প্লেতে ওঠে ৪ উইকেটে মাত্র ১৪ রান।

অধিনায়ক আগা সালমান খেলেন ওয়ানডে মেজাজে ২০ বলে ১৮ রানের ইনিংস। ৩০ বলে সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল শাহ। শেষদিকে জাহানদাদ খানের ১৭ বলে ১৭ রানের ইনিংসে কোনোরকম ৯০ এর ঘর পার করে পাকিস্তান।

পথে ৩.৪ ওভারে ১৪ রান খরচায় ৪ উইকেট নেন জ্যাকব ডাফি। ৪ ওভারে ১ মেডেন নিয়ে মাত্র ৮ রান খরচায় ৩ উইকেট নেন কাইল জেমিসন।

জবাবে নিউজিল্যান্ডের দুই ওপেনার সাইফার্ট ও ফিন অ্যালেন ৫.৫ ওভারেই তুলে নেন ৫৩ রান। এরপর সাইফার্ট ২৯ বলে ৪৪ রান করে ফিরলেও অ্যালেন ১৭ বলে ২৯ রানে রানে অপরাজিত থাকেন।

১৫ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন টিম রবিনসন। পাকিস্তানের একমাত্র উইকেট নেন আবরার আহমেদ।

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৮ মার্চ।