বিশ্বকাপ খেলতে বাংলাদেশ নারী দল এই মুহূর্তে অবস্থান করছে শ্রীলঙ্কায়। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন। তবে খেলা মাঠে গড়ানোর আগে প্রধান কোচকে নিয়ে দুশ্চিন্তায় দল।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশের মেয়েরা। আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে দু’দল।
তবে এর আগে চাপে বাংলাদেশ দল। দুঃসংবাদ এসেছে লাল-সবুজদের শিবিরে। স্ট্রোক করেছেন দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালেও।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নারী দলের সাথে থাকা বিসিবির টিম ম্যানেজার এস এম গোলাম ফায়েজ।
তিনি বলেন, ‘গতকালকে হুট করেই বাম পায়ে একটু অবশ অনুভূত হচ্ছিল স্যারের। আমরা ঝুঁকি না নিয়ে দলের চিকিৎসক মঞ্জু ভাইকে নিয়ে হাসপাতালে চলে যাই। সেখানে এমআরআই করানোর পর জানা গেল, ব্রেইনে মাইনর একটা স্ট্রোক হয়েছে তার।’
তবে এই মুহূর্তে শঙ্কার কিছু নেই বলেই জানিয়েছেন ফায়েজ। এক দিন হাসতালে থাকার পর সারোয়ার ইমরানকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। দলের সাথেই আছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে সারোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব দেয়া হয়। তার অধীনে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে ওয়েস্ট ইন্ডিজের বিদায় লিখে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূল আসরে খেলার টিকিট কাটে।