একদিক থেকে দেখলে লর্ডসে চোখে চোখ রেখে লড়াই করছে ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে দুই দলের প্রথম ইনিংসটা হয়ে গেছে মূল্যহীন। জয়-পরাজয় নির্ধারণ করতে দ্বিতীয় ইনিংসের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে দুই দলকে।

লর্ডস টেস্টে প্রথম ইনিংস শেষে আলাদা করা গেল না কাউকে, দুই দলের স্কোর সমান! আগে ব্যাট করে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৮৭ রানে। সমান ৩৮৭ রান তুলে অলআউট হয় ভারতও।

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে দুই হাজার ৫৯৪ ম্যাচে এমন রেকর্ড বিরল। মাত্র ৯ বার দুই দলের প্রথম ইনিংসের স্কোর হলো সমান। সবশেষ এমন কিছু দেখা গিয়েছিল ২০১৫ সালে, হেডিংলিতে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টে।

ভারত তৃতীয় দিনের খেলা শুরু করে ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে। ৫৩ রান নিয়ে লোকেশ রাহুল আর ১৯ রান নিয়ে ব্যাট করতে নামা ঋষভ পান্ত দেখেশুনেই ঠাণ্ডা মাথাতেই খেলছিলেন।

ছন্দপতন হয় লাঞ্চ বিরতির ঠিক আগের বলে। বেন স্টোকসের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন পান্ত। আউট হওয়ার আগে তিনি ১১২ বলে করেন ৭৪ রান। চতুর্থ উইকেটে রাহুলের সাথে গড়েন ১৪১ রানের জুটি।

বিরতি থেকে ফিরেই প্রথম ওভারে রাহুল সেঞ্চুরি পূর্ণ করেন ১৭৬ বলে। মাইলফলক ছোঁয়ার পর প্রথম বলেই তিনি স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বাশিরের বলে।

ষষ্ঠ উইকেটে ৭২ রানের জুটিতে দলের স্কোর তিন শ’ পার করেন জাদেজা ও নিতিশ কুমার রেড্ডি। স্টোকসের লাফিয়ে ওঠা বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন নিতিশ (৯১ বলে ৩০)।

জাদেজা এরপর আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েন ওয়াশিংটন সুন্দরকে সাথে নিয়ে। শেষ পর্যন্ত তার ব্যাটে আসে ১৩১ বলে ৭২ রান। এরপর দ্রুতই গুটিয়ে যায় ভারত। ১১ রান যোগ হতেই শেষ ৪ উইকেট হারায় তারা।

৮৪ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার ওকস। প্রায় সাড়ে চার বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা জফরা আর্চার ও স্টোকসের প্রাপ্তি ২টি করে উইকেট।

তৃতীয় দিনের শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১ ওভার ব্যাট করতে পারে ইংল্যান্ড। বিনা উইকেটে ২ রান তুলেছে তারা।