চোটের কারণে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি তাকে।

তবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে এই স্পিন অলরাউন্ডারকে নিয়েই খেলতে নামবে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এশিয়া কাপের জন্য ঘোষিত দলে তাকে রেখেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

হাসারাঙ্গা ছাড়াও জুলাইয়ের বাংলাদেশ সিরিজে খেলা দল থেকে এশিয়া কাপের দলে চারটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। ১৬ সদস্যের দলটির নেতৃত্বে আছেন চারিথ আসালঙ্কা।

বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। দলে ফিরেছেন দুই ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা ও দুশমন্থ চামিরা।

আর আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা দুশান হেমন্ত ও ভিশেন হালামবাগে এশিয়া কাপের দলে নেই।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও হংকংয়ের সাথে আছে শ্রীলঙ্কা। ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ২০২২ এশিয়া কাপের চ্যাম্পিয়নরা।

শ্রীলঙ্কার পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুবাইয়ে। আর আফগানিস্তানের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে তারা।

এশিয়া কাপে শ্রীলঙ্কা দল

চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুসারা ও মাতিশা পাথিরানা।