দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ও যুক্তরাষ্ট্র ‘এ’ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম বিপ্লব। আছেন ইরফান শুক্কুর ও হাবিবুর রহমান সোহানের মতো পরিচিত মুখ।

এ ছাড়া শাহাদাত হোসেন, ইফতেখার হোসেন ইফতি, রোহানাত দৌল্লা বর্ষণ, এনামুল হক, সামিউন বাশির রাতুল ও পেসার এনামুল হকের মতো তরুণরাও সুযোগ পেয়েছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শেষে আগামী ২৭ জুলাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ইমার্জিং দল। সেখানে পৌঁছে ২৮ ও ২৯ জুলাই নিজেদের প্রস্তুতির সুযোগ পাবে বাংলাদেশ।

এরপর শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১ ও ৯ আগস্ট স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আর ৩ ও ৭ আগস্ট যুক্তরাষ্ট্র ‘এ’ দলের বিপক্ষে খেলবে ইমার্জিং টাইগাররা। সেরা দুই দল ১২ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ শুরু হবে ১৬ আগস্ট, দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৩ আগস্ট। ২৭ আগস্ট দেশে ফিরবে টাইগারদের ইমার্জিং দল।

বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড
জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন, সামিউন বাশির রাতুল, মঈন খান, রোহানাত দৌল্লা বর্ষণ, এনামুল হক, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, আবু হালিম, হাবিবুর রহমান সোহান ও আমিনুল ইসলাম বিপ্লব।