অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিতে আগামী ২১ আগস্ট পর্দা উঠছে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের। তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে আসরের পূর্ণাঙ্গ সূচি।

এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দলের সাথে খেলবে নেপাল জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ দল, বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও স্বাগতিক নর্দার্ন টেরিটোরি স্ট্রাইকার্স একাডেমি।

বাংলাদেশ তাদের টুর্নামেন্ট শুরু করবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে। ডারউইনের টিও স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। পরদিন ২৩ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে হোবার্ট হারিকেন্সের মুখোমুখি হবে টাইগাররা।

এরপর ২৪ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে সকাল ১১টায়, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে বিকেল ৩টা ৩০ মিনিটে ও ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বেলা ১টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ আগস্ট স্বাগতিক নর্দার্ন টেরিটোরি স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ৩০ আগস্ট একই দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

প্রথম সেমিফাইনাল শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সকাল ৭টায়। আর শিরোপা নির্ধারণী ফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে।

উল্লেখ্য, ২০২৪ সালে আকবর আলীর নেতৃত্বে প্রথমবার টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে খেলেই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরে রানার্সআপ হয় টাইগাররা।

তবে ২০২৫ সালের আসরে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এবার সেই হতাশা ভুলে নতুন করে সাফল্যের লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে নামবে বাংলাদেশ ‘এ’ দল।