পালাবদল চলছে ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের যুগ শেষ করে নতুন যুগে পা রাখছে ব্লু জার্সিধারীরা। টি-টোয়েন্টি আর টেস্টে তাদের ছাড়াই মাঠে নামছে ভারত, ওয়ানডে নিয়েই তাই এখন যত আলোচনা।
বিশেষ করে ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে বেশ আলোচনা চলছে ক্রিকেট মহলে। এখনো রোহিত শর্মা দায়িত্বে থাকলেও ২০২৭ বিশ্বকাপে তার উপস্থিতি নিয়ে আছে শঙ্কা।
গুঞ্জন আছে চলতি বছরেই দায়িত্ব ছাড়বেন রোহিত। সেই জায়গাতেই সামনে আসছে উত্তরসূরির প্রসঙ্গ। সাম্প্রতিক সময়ে শ্রেয়াস আইয়ারের নাম জোরেশোরে শোনা যাচ্ছিল ওয়ানডের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে।
দুই ভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে টানা ফাইনালে তুলেছেন তিনি। নেতৃত্বের মিশ্রণ, অভিজ্ঞতা আর এক্স ফ্যাক্টর- সব মিলিয়ে আইয়ারকে অনেকেই দেখছিলেন রোহিতের বিকল্প হিসেবে।
তবে বিষয়টা যে শুধুই গুঞ্জন তা নিশ্চিত হওয়া গেছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া সাফ জানিয়ে দিয়েছেন, ‘এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আইয়ারকে অধিনায়ক করার খবর একেবারেই ভিত্তিহীন।’
এদিকে শোনা যাচ্ছে, ভারত হাঁটতে পারে তিন ফরম্যাটে এক অধিনায়ক নীতিতে। সেক্ষেত্রে শুভমান গিলই হতে পারেন ওয়ানডের নতুন অধিনায়ক। টেস্ট দলের নেতৃত্ব তিনি আগেই পেয়েছেন, সম্প্রতি টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কও করা হয়েছে তাকে।
বিসিসিআই থেকে জানা গেছে, ওয়ানডে অধিনায়কত্বের দৌড়েও শীর্ষে আছেন শুভমান গিল। তিনি ভারতের টেস্ট দলের অধিনায়ক এবং ওয়ানডেতে নিয়মিত ওপেনার। তার দলের সহ-অধিনায়কও তিনি। রানও করছেন ৫৯ গড়ে!
বোর্ড সূত্রের ভাষায়, ‘যিনি টেস্টে নেতৃত্ব দিয়ে সফলতার ছাপ রেখেছেন এবং বয়সে তরুণ, তাকেই স্বাভাবিকভাবেই ওয়ানডে অধিনায়কত্বের উত্তরসূরি ভাবা হচ্ছে।’