বাংলাদেশ ক্রিকেটে মন খারাপের গল্প অনেক আছে, তবে কিছু মুহূর্ত আছে যা একটু বেশিই শোকাহত করে দেয় দলকে। যেখানে খুব কাছে গিয়েও পুড়তে হয়েছে আক্ষেপের অনলে। এক নারী বিশ্বকাপেই যা ঘটলো ৩ বার!
সোমাবার (২০ অক্টোবর) রাতে শেষবার, শ্রীলঙ্কার বিপক্ষে। মুম্বাইয়ে ২০২ রান তাড়ায় ৪৮ ওভারে ৪ উইকেটে ১৯১ রান তুলেও জিততে পারেনি বাংলাদেশ। পারেনি ৬ উইকেট হাতে রেখেও ১২ বলে ১২ রানের সমীকরণ মেলাতে।
কিন্তু ১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। এই হারে বিশ্বকাপের চলতি আসরে সেমিফাইনাল খেলার সুযোগও হাতছাড়া করলো নিগার সুলতানা জ্যোতির দল।
তবে এমন অভাবনীয় হারের পর জ্যোতির কাছে প্রশ্ন ছিল, এমন ঘটনা কি দুর্ভাগ্য নাকি ভুল? জ্যোতির দাবি- ‘এটা ভুল। একবার হলে কথা ছিল। তৃতীয়বার এমনটা হলো। এটা আমাদের ভুল। কিছু ক্যালকুলেশনে হয়ত ভুল হয়েছে। আমরা সেই মোমেন্টে ভালো করতে পারছি না।’
বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ১টি জয়। অথচ একটু এদিক-ওদিক হলেই জয় সংখ্যা হতে পারত ৪টি। শ্রীলঙ্কার আগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ পেয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি।
শেষ মুহূর্তে এসে এমন অভাবনীয় হারের জন্য জ্যোতি দায় দিলেন অভিজ্ঞতাকেও। বললেন, ‘আমরা নিজেদের পরিকল্পনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমরা নিয়মিত উইকেট হারিয়েছি, স্নায়ুর চাপ ধরে রাখতে পারিনি।’
বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘এই ধরনের রান তাড়ায় আমরা টিভিতে দেখেছি, অন্য দলগুলো ক্রিজে নিজেদের ধরে রেখেছে। কিন্তু আমরা সেটি পারিনি। আমরা এই চাপ নিতে পারিনি। আমাদের এটি নিয়ে ভাবতে হবে।’
এর জন্য ঘরোয়া ক্রিকেটের খেলার মানে উন্নতি দরকার কি না এমন প্রশ্নের জবাবে অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই। প্রতিযোগিতামূলক খেলা খেললে স্কিল আরো বেটার হয়। এসব পরিস্থিতিতে পড়ছি আইসিসির ইভেন্টে এসেই।’
তিনি আরো বলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজে একই দলের সাথে খেললে এমন পরিস্থিতি কম ফেইস করি। ঘরোয়া ক্রিকেটের গঠন যদি ভালো হয়, এমন ম্যাচে হারের রেশিওগুলা কমে আসবে।’
এই পর্বে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ আগামী ২৬ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে। টানা ৫ হারে ক্লান্ত বাংলাদেশ সেই ম্যাচে জিতে অন্ততঃ সান্ত্বনার এক জয় নিয়ে দেশে ফিরতে চাইবে।