ভারত দল বাংলাদেশ সফরে না আসায় অনেকটা স্থবির হয়ে পড়ে দেশের ক্রিকেট। এশিয়া কাপের আগে দেখা দেয় প্রস্তুতির অভাব। সেই অভাব কাটাতে বিসিবি নিয়ে আসছে নেদারল্যান্ডসকে।

গত দুই মাসে চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। আগামী মাসে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে রাজনৈতিক কারণে সিরিজটি স্থগিত হয়েছে।

তাই এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ নেই বাংলাদেশের সামনে। যদিও লম্বা এই বিরতির সময়ে বিসিবি একটি স্কিল ও ফিটনেস ক্যাম্প করতে পারে বলে আভাস পাওয়া গেছে।

তবে এরই মাঝেই নেদারল্যান্ডসের সাথে একটি সিরিজ ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ডাচরা। সিরিজের সময়সূচিও প্রায় চূড়ান্ত।

জানা গেছে, আগস্টের ১৯ থেকে ২৫ তারিখের মাঝে গড়াতে পারে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। তবে এবার মিরপুরে খেলা রাখতে চাইছে না বিসিবি। সিলেট বা চট্টগ্রামে হতে পারে খেলা।

এশিয়া কাপ মাঠে গড়াবে আগামী ৯ সেপ্টেম্বর। আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।