বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে আবারো অবনমন হয়েছে। কোনো ম্যাচ না খেলেই জায়গা হারিয়েছে। আবারো টাইগাররা নেমে গেছে দশে। নয় নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ। দশম স্থান থেকে নয় নম্বরে উঠে এসেছিল টাইগাররা, ক্যারিবীয়দের পেছনে ফেলে।

তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারো ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। জায়গা পুনরুদ্ধার করেছে ওয়েস্ট ইন্ডিজ।

মূলত আজ ত্রিনিদাদে পাকিস্তানকে ছয় বছর পর ওয়ানডেতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে তাদের। এই জয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের।

এ নিয়ে চলতি বছর দুইবার দশে নেমে গেল বাংলাদেশ। অথচ সর্বশেষ ২০০৬ সালে এত নিচে ছিল টাইগাররা। এবার ১৯ বছর পর আবার সেই পুরনো অবস্থানে ফিরে যেতে হলো।

মাঝে ২০১৭ সালের মে মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ উঠে যায় র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে। ২০২২ সালেও আবার একবার ছয়ে উঠেছিল টাইগাররা। তবে গত দুই বছরে কেবল অবনমই হচ্ছে।

এদিকে র‍্যাঙ্কিংয়ে আবারো দশে নেমে যাওয়ায় শঙ্কায় পড়েছে বিশ্বকাপে খেলা। পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করতে ২০২৭ সালের ৩১ মার্চে র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হবে।