একটা সময় আফগানিস্তানের মুখোমুখি হতে বেশ আতঙ্কে থাকত বাংলাদেশ। আফগান রহস্যময় লেগ স্পিনাররা ছিলেন ভয়ের কারণ। তবে সময়ের সাথে সাথে তা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। এখন আর রশিদদের ভয় পায় না টাইগাররা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দিয়ে বুধবার শেষ হয় বাংলাদেশ দলের নেদারল্যান্ডস সিরিজ। হোয়াইটওয়াশ নয়, ২-০ ব্যবধানে সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতি নিলো বাংলাদেশ। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে মহাদেশীয় এই মিশন।

এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ অবশ্য ইতোমধ্যেই আফগানিস্তানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।

কারণটাও খুলে বলেছেন লিটন দাস। অধিনায়কের মতে, গেল কয়েকবছরে বেশ কয়েকবারই তাদের মোকাবেলা করেছে বাংলাদেশ। যার কারণে রশিদ খানের দলের শক্তিমত্তা বা দুর্বলতা সবই জানা আছে তাদের।

এছাড়া আফগানিস্তানের কয়েকজন বোলারকে নিয়মিত বিপিএলেও খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। ফলে তারা এখন আর আগের মতো রহস্যময় নয় লিটনদের কাছে।

লিটন বলেন, ‘আমার মনে হয় আফগানিস্তানের সাথে আমরা অনেকগুলো সিরিজ খেলেছি নিকট অতীতে। দুই একটা প্লেয়ার হয়তো খেলেনি, কিন্তু বেশিভাগ প্লেয়ার তাদের বোলারদের খেলতে অভ্যস্ত। কিছুদিন আগেও সিলেটে কিন্তু আফগানিস্তান টিম এসেছিল, খেলেছে।’

তিনি বলেন, ‘তাই আমার কাছে মনে হয় প্লেয়াররা আমরা সবাই জানি যে তাদের শক্তির জায়গা বা দুর্বলতা কোনটা আছে। তাই আমরা চেষ্টা করব তাদের সাথে ওইভাবে মোকাবেলা করার জন্য।’

সাধারণত স্পিন বোলিং আক্রমণ দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টায় থাকে আফগানরা। সেই চ্যালেঞ্জ লুফে নিলেন লিটন। দলের ব্যাটারদের সাম্প্রতিক সময়ের ফর্মে সাহস খুঁজে পাচ্ছেন তিনি।

লিটন আরো বলেন, ‘এমন না যে শুধুমাত্র তারা স্পিন দিয়ে আমাদের ধরবে, আমাদেরও হাতে অপশন আছে। আমাদের ব্যাটার আছে, আমাদের পেস বোলিং অ্যাটাক আছে। আমরাও দেখি কী করা যায়।’