ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে রোমাঞ্চকর জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। জাওয়াদ আবরারদের জয় ১ উইকেটে।

জিম্বাবুয়ের মাঠে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় জুনিয়র টাইগাররা।

হারারেতে টসে জিতে আগে ব্যাট করে ১২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১০৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত ২৮.৪ ওভারে ১ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এদিন বল হাতে জ্বলে ওঠেন আল ফাহাদ। ডানহাতি এই পেসারকে সামলাতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখে প্রোটিয়া ব্যাটাররা। তার প্রথম শিকার আদনান ল্যাঙ্গদিন (৭)।

একই ওভারে আরেক ওপেনার জুরিখ ফন স্কালভিককেও ফিরিয়েছেন ফাহাদ। ইনফর্ম এই ওপেনার ১৫ বলে করেন ১০ রান। পরের ওভারে জেসন রোলসকে (৪) বোল্ড করেন ইকবাল ইমন।

২৫ রানে ৩ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দ্রুতই অলআউট হয় প্রোটিয়ারা। একাই ৪ উইকেট নেন ফাহাদ।

মাঝে পল জেমস-আমান মানাকরা চেষ্টা করেছেন ইনিংস লম্বা করার। তবে দু’জনই থেমেছেন বিশের ঘরে। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন মানাক।

ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক শুরুর আভাস দেন জাওয়াদ আহমেদ। তবে পরের ওভারেই থামতে হয় তাকে, ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৯ বলে ২০ রান। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন রিফাত বেগ, রিজান হোসেন ও আজিজুল হাকিম। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মোহাম্মদ আবদুল্লাহ ও ফরিদ হাসানরা। তবে ইনিংস বড় হয়নি।

৫৯ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে জুনিয়র টাইগাররা। সপ্তম উইকেট জুটিতে আল ফাহাদকে সাথে নিয়ে ৩১ রানের জুটি গড়েন রাতুল। তাতে ম্যাচে ফেরে বাংলাদেশ।

তবে ২৫ বলে ১১ করে আউট হয়ে যান ফাহাদ। এরপর দেবাশীষ দেবা ও ইকবাল ইমন দ্রুত ফেরায় আবারো হারের শঙ্কায় পড়ে দল। ১০৯ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ।

তবে শেষ পর্যন্ত উইকেটে থেকে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেন রাতুল। দায়িত্ব নিয়ে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেন এই মিডলঅর্ডার ব্যাটার।