ফলোঅনের পরেও অধিনায়ক জাকের আলি ও আশিকুর রহমান শিবলির ব্যাটিং দৃঢ়তায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের অনানুষ্ঠানিক টেস্ট ড্র করেছে বাংলাদেশ ইমার্জিং দল। এর মাধ্যমে দুই ম্যাচের সিরিজ ০-০ সমতায় শেষ হয়। সিরিজের প্রথম টেস্টও ড্র হয়েছিল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৫৭ রান করে সফরকারী জিম্বাবুয়ে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২০০ রান তুলে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

চতুর্থ দিন বাকি ২ উইকেটে ২ রান যোগ করে ২০২ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন জাকের। এ ছাড়া আশিকুর ৩৮ ও এনামুল হক ২৪ রান করেন।

ফলোঅনে পড়ায় ১৫৫ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৫৪ রানের সূচনা করে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ১৪৫ রানে পঞ্চম উইকেট পতন হয় বাংলাদেশের।

ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ২৫ রান যোগ করে দিনের খেলা শেষ করেন জাকের ও আশরাফুল হাসান রোহান। ৬১ ওভারে ৫ উইকেটে ১৭০ রান তুলে ম্যাচ ড্র করে বাংলাদেশ।

এই ইনিংসে আশিকুর ৬২ ও জাকের অপরাজিত ৫৬ রান করেন। আশিকুর ১৩৯ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন। ১০২ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কা মারেন জাকের।

বল হাতে জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা ৬৪ রানে ৪ উইকেট নেন।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ ইমার্জিং দল। সূত্র : বাসস