বড় জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ যাত্রা শুরু ভারতের। শুক্রবার আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়েছে তারা। দিনের অন্য ম্যাচে আরো বড় জয় পেয়েছে পাকিস্তান। ২৯৭ রানে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে।
উদ্বোধনী ম্যাচে ভারতের জয়ের নায়ক বৈভব সূর্যবংশী, খেলেছেন ৯৫ বলে ১৭১ রানের ইনিংস। পাকিস্তানকে জেতান সামর মিনহাজ। ১৪৮ বলে ১৭৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিনি।
দুবাইয়ে আইসিসির অ্যা কাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। যেখানে তাদের ইনিংস শেষ হয় ৫০ ওভার শেষ করে ৬ উইকেটে ৪৩৩ রান নিয়ে। জবাবে ৭ উইকেটে ১৯৯ রানে থামে আমিরাতের ইনিংস।
এদিন দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় ভারত। ফেরেন আয়ুষ মাত্রে (৪)। এরপরের গল্প শুধুই বৈভব সূর্যবংশীর। মারমুখী ভঙ্গিতে চড়াও হন আমিরাতের বোলারদের ওপর। ৩০ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।
৫৬ বলে শতক ছুঁয়েও যেন তৃপ্ত হননি ১৪ বছর বয়সী এই ব্যাটার। হয়ে ওঠেন আরো আক্রমণাত্মক। ৮৪ বলে দেড় শ’ পেরিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৯৫ বলে ১৭১ রানে সূর্যবংশী। তার ইনিংসে ছিল ৯টি চার, ১৪টি ছয়। যা যুব ওয়ানডের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
এদিকে ফিফটি করেন অ্যারন জর্জে, ভিহান মালহোত্রা। দু’জনেই করেন সমান ৬৯ রান। সুবাদে চার শ’ পেরোয় ভারতের ইনিংস।
জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আমিরাত। ১৪তম ওভারে ৫৩ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন পৃথ্বী মাধু ও উদিশ সুরি। মাধু ৫০ রানে ফিরলে ভাঙে জুটি। তবে ৭৮ রানে অপরাজিত ছিলেন সুরি। এই দু’জনের নৈপুণ্যে অলআউট হওয়া থেকে রক্ষা পায় আমিরাত।
দিনের অন্য ম্যাচে বড় জয় পেয়েছে পাকিস্তানও। দ্য সেভেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩ উইকেটে ৩৪৫ রান করে দলটা। সামির মিনহাজের ১৭৭ ছাড়াও সেঞ্চুরি করেন আহমেদ হোসাইন (১৩২)।
বিপরীতে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে মাত্র ৪৮ রানে শেষ হয় মালয়েশিয়ার ইনিংস। ইনিংসে কেউ পারেননি দুই অঙ্কে যেতে। সর্বোচ্চ ৯ রান অধিনায়ক দিয়াজের। বল হাতে আলি রাজা ও সায়েম নেন ৩টি করে উইকেট।