আসরের শুরুটা ভালো হলো না কলকাতার। ঘরের মাঠে হার দিয়ে শুরু হলো এবারের যাত্রা। বর্তমান চ্যাম্পিয়নরা হেরে গেছে রয়েল চ্যালেঞ্জার নেঙ্গালুরুর কাছে। কোহলি-ক্রোনালদের সাথে পেরে উঠেননি সুনিল নারিনরা।

শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী দিনে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারায় বেঙ্গালুর। স্বাগতিকদের দেয়া ১৭৫ রানের লক্ষ্য ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বিরাট কোহলির দল।

১৭৫ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝড় তোলেন বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে ৫ ওভারেই বেঙ্গালুরু করে ৭৫ রান। ৩১ বলে ৫৬ রান করে সল্ট ফিরলে কমে আসে রানের গতি।

তবে থামানো যায়নি বেঙ্গালুরুকে। কোহলি ও রজত পতিদারের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু। দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে ১৬ বলে ৩৪ রানে আউট হন পতিদার। ৩৬ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন কোহলি।

এর আগে প্রথম ওভারেই কুইন্টন ডি ককের (৪) উইকেট হারায় কলকাতা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে হাল ধরেন সুনীল নারিন ও অধিনায়ক আজিঙ্কা রাহানে। তারা দুজনে গড়েন ৫৫ বলে ১০৩ রানের জুটি।

২৬ বলে ৪৪ রান করা নারিনের বিদায়ে ভাঙে এই জুটি। নারাইনের বিদায়ের পরপর ফিরে যান রাহানেও। ক্রুনাল পান্ডিয়ার বলে ফেরার আগে ৩১ বলে ৫৬ রান করেন রাহানে। এরপর ভেঙ্কটেশ আইয়ারকেও (৬) ফেরান তিনি।

রিংকু সিংকেও হাত খুলতে দেননি ক্রুনাল। ১২ রানে ফেরান তাকে। আর আন্দ্রে রাসেলকে মাত্র ২ রানে আটকে দিয়ে বড় ধাক্কা দেন সুভাস শর্মা। তবে শেষ দিকে অংকৃশ রঘুবংশীর ২২ বলে ৩০ রান করেন।

ফলে শেষ পর্যন্ত কলকাতা পায় ৮ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ। বেঙ্গালুরুর হয়ে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রুনাল এবং ২২ রান দিয়ে ২ উইকেট নেন হ্যাজলউড।