শিরোপাজয়ী কোচকে আর রাখছে না কলকাতা নাইট রাইডার্স। বেগুনি জার্সিধারীদের ডেরায় আর দেখা যাবে না চন্দ্রকান্ত পণ্ডিতকে। ২০২৪ আইপিএলের চ্যাম্পিয়ন এই কোচের সাথে চুক্তি বাড়াচ্ছে না কেকেআর।

২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কলকাতার হেড কোচের দায়িত্বে ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। তার অধীনেই দীর্ঘ ১০ বছরের শিরোপা খরা ঘুচে দলটার। তবে গত আসরে পারেননি প্রত্যাশা মেটাতে।

গত আসরে কলকাতা পারেনি শেষ চারে উঠতে, আসর শেষ করে দশ দলের মাঝে আটে থেকে। ১৪টি ম্যাচের মাত্র পাঁচটিতে জয় পায়। চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই এমন পারফরম্যান্স পণ্ডিতের ওপর আস্থা নষ্ট করে দেয়।

কোচ পণ্ডিতকে নিয়েও অসন্তুষ্ট ছিলেন কেকেআর কর্তৃপক্ষ। আর শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলো কেকেআর। অবশ্য তার মেয়াদও ছিল ২০২৫ সাল নাগাদই। অর্থাৎ চুক্তি নবায়ন হচ্ছে না আর।

২০২২ সালে মধ্য প্রদেশকে রঞ্জি ট্রফি জেতানোর স্বাদ পাইয়ে দিয়েছিলেন পণ্ডিত। এরপর ২০২৩ সালে ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের কোচ হয়ে দায়িত্ব ছাড়ার পর কলকাতার দায়িত্ব নেন তিনি।

ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচের অধীনে প্রথম বছর আইপিএলের লিগ পর্বে সপ্তম স্থানে শেষ করে কেকেআর। এরপর ঘুরে দাঁড়িয়ে ২০২৪ সালে জিতে নেয় শিরোপা।

তবে নতুন কোচ হিসেবে এখনো কলকাতা কারো নাম প্রকাশ করেনি। তবে পণ্ডিত আবারো মধ্যপ্রদেশ দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নিতে পারেন।