সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুরু হতে যাচ্ছে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। আসন্ন মহাদেশীয় মহারণে অংশ নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো, সাজাচ্ছে পরিকল্পনা।
ইতোমধ্যে দুই বড় দল- ভারত ও পাকিস্তান প্রকাশ করেছে তাদের এশিয়া কাপ স্কোয়াড। তবে এখনো দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান৷ সেরা ১৫ ক্রিকেটার খুঁজে বের করতে পারেনি তারা।
অবশ্য আসন্ন এশিয়া কাপ সামনে রেখে চলতি আগস্টের প্রথম সপ্তাহে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ তবে সেই স্কোয়াড নিশ্চয়ই এখন ছোট করতে হবে।
তবে আজই তার শেষ সুযোগ। এসিসির নিয়ম অনুযায়ী আজ শুক্রবারের (২২ আগস্ট) মাঝে আইসিসির কাছে ১৫ সদস্যের চূড়ান্ত দল দিতে হবে বিসিবিকে। ফলে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা।
তবে জানা গেছে, এশিয়া কাপের দলে বড় চমক থাকার সম্ভাবনা ক্ষীণ। সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা ক্রিকেটারদের নিয়ে হবে এশিয়া কাপের দল।
শোনা যাচ্ছে, স্কোয়াডে সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের। বিসিবির একটি সূত্র থেকে এমনটি জানা গেছে। মিডলঅর্ডার সামলাতে তাকে ভাবছে বিসিবি।
তবে সব ছাপিয়ে বড় প্রশ্ন, তৃতীয় ওপেনার হিসেবে কে উঠবেন এশিয়া কাপের বিমানে? এতদিন নাঈম শেখকে এই জায়গায় ভাবা হলেও, টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে ‘এ’ দলের হয়ে মোটেও ভালো করতে পারেননি তিনি।
নতুন কাউকেও যে ভাবা হচ্ছে না, তা নিশ্চিত। তবে সেক্ষেত্রে আবারো আলোচনায় চলে আসেন সৌম্য সরকার। যদিও সৌম্যও কোথাও বলার মতো কিছু করেননি সম্প্রতি। তবে অভিজ্ঞতার বিচারে তিনি এগিয়ে থাকছেন।
তবে আরো একটা নাম থাকতে পারে এশিয়া কাপে বিমানে ওঠার দৌড়ে। তিনি সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ফরম্যাটে তার শেষটা যদিও ভালো নয়। সুবাদে বাদ পড়েন টি-টোয়েন্টি দল থেকেই।
এখন দেখার বিষয় পারভেজ ইমন ও তানজিদ তামিমের সাথে তৃতীয় ওপেনার হিসেবে কে আসেন স্কোয়াডে। তবে পরের জায়গাগুলো নিয়ে তেমন সংশয় নেই। লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি থাকছেন নিশ্চিতভাবেই।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন মেহেদী মিরাজ। এশিয়া কাপের দলে তিনি থাকবেন কিনা, তা নিয়েও আছে সন্দেহের অবকাশ।
তবে শেখ মেহেদী, শামীম পাটোয়ারী থাকছেন। থাকছেন সাইফুদ্দীন, তানজিম সাকিব, রিশাদ হোসেন জায়গা ধরে রাখছেন বলা বাহুল্য। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান অটো চয়েস৷ সাথে থাকছেন শরীফুল ইসলামও।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড
পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ।