এক মৌসুম পর আবারো মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মঙ্গলবার ১২তম এ আসরের প্রথম দিন মুখোমুখি হয় পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল।
দিনের শুরুতে অদ্ভুতুড়ে এক কীর্তি গড়েন জিশান আলম। আগ্রাসী এই ব্যাটার চরিত্রের বিপরীতে ঘটান অবাক এক কাণ্ড। ৫২তম বলে গিয়ে তিনি খুলেছেন নিজের রানের খাতা!
মধ্যাঞ্চলের হয়ে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন জিশান। এই টেম্পারমেন্ট অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। দ্বিতীয় সেশনের শুরুতেই ৮০ বলে ১৪ রান নিয়ে ফেরেন জিশান।
তবে সাদমান ইসলাম, আশিকুর রহমান শিবলি ও আবু হায়দার রনির ফিফটিতে দিন শেষ হবার আগে ৬ উইকেটে ২৭৬ রান তুলে তারা। সেঞ্চুরির সুবাস পাচ্ছেন আবু হায়দার রনি।
বুধবার ৯০ রান থেকে ব্যাটিং শুরু করবেন তিনি। ৭৫ রানে অপরাজিত আছেন শিবলি। মাঝে সাদমান আউট হন ৫৬ রানে। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ও মার্শাল আইয়ুব করেন সমান ৯ রান।
পূর্বাঞ্চলের হয়ে ইবাদত হোসেন ও তোফায়েল ২টি করে উইকেট নেন।
দিনের অন্য ম্যাচে সিলেটের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৩১৪ রানে থেমেছে দক্ষিণাঞ্চল। দলটির ৭ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছালেও ফিফটি পান শুধু মোহাম্মদ মিঠুন (৫৩)।
৪৯ রান করে ফেরেন ওপেনার ইফতিখার হোসেন। ৪৭ রানে আউট হয়েছেন রিজান হোসেন। উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ও মামুন ৩টি করে উইকেট নিয়েছেন।
শেষ বিকেলে ব্যাটিংয় নেমে বিনা উইকেটে ১৬ রান করেছে উত্তরাঞ্চল। সাব্বির হোসেন ১০ ও আব্দুল্লাহ আল মামুন ৬ রানে অপরাজিত রয়েছেন।