সংবাদ মাধ্যমে নাম আসার কথা ছিল ক্রিকেটার পরিচয়ে, মাঠের কোনো কীর্তিতে। তবে কিপলিন দোরিগা শিরোনাম হলেন লজ্জাজনক এক ঘটনায়। ক্রিকেট খেলতে গিয়ে ‘ডাকাতি’ করে আলোচনায় তিনি।
পাপুয়া নিউগিনির হয়ে ২০২১ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন দোরিগা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এই মুহূর্তে দলের সাথে ছিলেন ব্রিটেনের স্বায়ত্তশাসিত অঞ্চল জার্সিতে।
সেখানেই কিপলিন দোরিগা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন। সোমবার সকালে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ারে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ হেফাজতে আটক তিনি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে সপ্তাহখানেক আগে জার্সিতে পৌঁছায় পাপুয়া নিউগিনি দল। ‘এ’ গ্রুপে থাকা দলটি সেখানে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে।
দোরিগা গত শুক্র ও রোববার প্রথম দু’টি ম্যাচ খেলেন। ডেনমার্কের বিপক্ষে করেন ৬৮ রান, কুয়েতের বিপক্ষে করেন ১২। আর পরদিন সকালেই দোরিগা ডাকাতিতে অংশ নেন। এবং এই ঘটনায় তিনি গ্রেফতার হন।
এরপর গত বুধবার কিপলিন ডরিগাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে শুনানি চলাকালীন তিনি নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন।
এদিকে অভিযোগকে গুরুতর চিহ্নিত করে মামলাটি রয়্যাল কোর্টে পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট রেবেকা মার্লে-কির্ক। আগামী ২৮ নভেম্বর রয়্যাল কোর্টে তাকে হাজির করা হবে।
তার জামিনের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই আবেদন খারিজ করে তাকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ফলে আগামী তিন মাস তাকে পুলিশি হেফাজতে থাকতে হবে। খেলতে পারবেন না ক্রিকেটও।
এই ঘটনায় ক্রিকেট পাপুয়া নিউগিনির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এটা ব্যক্তিগত ঘটনা। এই ঘটনার সাথে জাতীয় ক্রিকেট দল একেবারেই জড়িত নয়।
উল্লেখ্য, দেশের হয়ে এখন পর্যন্ত ৩৯ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দোরিগা। দুই সংস্করণ মিলিয়ে করেছেন ১০৮৯ রান, ক্যাচ নিয়েছেন ৪৯টি, স্টাম্পিং করেছেন ১১টি।