টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টিতেই মন দিচ্ছে বাংলাদেশ। ফলে বদলে গেল পাকিস্তান সিরিজের ফরম্যাটই। ৮ ওয়ানডের বদলে খেলা হবে ৮ টি-টোয়েন্টি।
আগামী বছর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় হবে এবারের আসর। তার আগে সেপ্টেম্বরে ভারতেই বসার কথা এশিয়া কাপ আসর। বিশ্বকাপ যেহেতু টি-টোয়েন্টি সংস্করণের, এশিয়া কাপেও টি-টোয়েন্টিই।
বড় এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের ক্রিকেট বোর্ডই পরিকল্পনায় এনেছে বদল। দু’দেশের মধ্যে আসন্ন দু’টি সিরিজ থেকেও ওয়ানডে পুরোপুরি ছেঁটে ফেলেছে তার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসে পাকিস্তানে হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ও জুলাই মাসে বাংলাদেশে হতে যাওয়া ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দু’টির ৮টি ম্যাচই আয়োজিত হবে টি-টোয়েন্টি সংস্করণে।
দুই বোর্ডের সম্মতিতেই এসেছে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।
অন্যদিকে বিসিবি সূত্রে জানা যায়, বাংলাদেশে আয়োজিত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।
এদিকে নাজমুল হোসেন শান্ত অধিনায়কের দায়িত্ব ছাড়ায় এখনো নেতৃত্ববিহীন টি-টোয়েন্টি দল। যদিও নানা সূত্র বলছে, লিটন দাসই হতে চলেছেন পরবর্তী অধিনায়ক, তবে বিসিবি থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।
তবে খুব একটা তাড়াহুড়োও নেই। সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে খানিকটা ব্যস্ততা কমেছে বাংলাদেশের। আগামী মে মাসের আগে নেই কোনো টি-টোয়েন্টি সিরিজ। ফলে ভেবেচিন্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়ার ভালো সুযোগ পেয়েছে বিসিবি।
আগামী জুনে শ্রীলঙ্কা সিরিজের আগে ওয়ানডে নেই বাংলাদেশের। তবে টেস্ট খেলা আছে আগামী মাসেই। ২০ এপ্রিল থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।