মহাগুরুত্বপূর্ণ এসিসি সভা সফল হয়েছে। সাফল্যের সাথে শেষ হয়েছে পাকিস্তান সিরিজ। অন্যদিকে অভ্যন্তরীণ কারণে বাংলাদেশ সফরে আসছে না ভারত দল। কাছাকাছি সময়ে নেই মাঠের কোনো খেলা।
সব মিলিয়ে খানিকটা স্থবির দেশের ক্রিকেট। মিলেছে অনাকাঙ্ক্ষিত ছুটি। ক্রিকেটাররাও সময় দিচ্ছেন পরিবারকে, ছুটে বেড়াচ্ছেন নানা দেশে। ব্যস্ততার মাঝে খানিকটা স্বস্তির খুঁজে তারা।
একইভাবে অস্ট্রেলিয়া ছুটছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরিবারের কাছে যাচ্ছেন তিনি। আজ বুধবার দুপুর দেড়টার ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে আকাশে উড়াল দেবেন বিসিবি বস।
লম্বা ছুটিতেই যাচ্ছেন বুলবুল। আড়াই সপ্তাহের বিরতি নিচ্ছেন তিনি। জানা গেছে, আগামী ১৭ আগস্ট দেশে ফিরে বোর্ডের কাজে মন দেবেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম এই সেঞ্চুরিয়ান।
উল্লেখ্য, বিসিবিতে যোগদানের আগে তিনি আইসিসির গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন এবং সেই সুবাদে দীর্ঘদিন অস্ট্রেলিয়া থেকে কাজ করেছেন।
তার স্ত্রীও পেশাগত কারণে অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছেন। তাই ছুটিতে তাকে ছুটতে হচ্ছে তাসমান সাগর পাড়ে।