গ্রেট ওয়াল সিরামিক প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে তিতাস ক্লাব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। তারা ৯ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করে।

আজ নবম বা শেষ রাউন্ডের খেলায় তিতাস ক্লাব ৪-০ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। তিতাসের পক্ষে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার পানিসার বেদান্ত, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মো: হাসান ঈমাম, তাশরিক সায়হান শান, আয়াস আব্দুল্লাহ খাজির বিন ও মো: ফয়সাল হোসেনকে পরাজিত করেন।

২০১১ হতে শুরু হওয়া প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে তিতাস ক্লাব প্রথমবারের মতো শিরোপা জয় করল। তিতাস ইতোপূর্বে ২০০০ সনে প্রথম বিভাগ দাবা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তিতাসের পক্ষে অংশ নিয়েছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার পানিসার বেদান্ত, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ফিদে মাস্টার মো: সাইফ উদ্দীন (অধিনায়ক)।

নয় খেলা ১৪ ম্যাচ পয়েন্ট করে অর্জন করে ম্যানহা’স ক্যাসেল ও লিওনাইন চেস ক্লাব। ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে স্থান নির্ধারণ করা হয়। ২৬ গেম পয়েন্ট নিয়ে মানহা’স ক্যাসেল রানার্স-আপ হয় এবং ২৪ গেম পয়েন্ট নিয়ে লিওনাইন চেস ক্লাব তৃতীয় স্থান লাভ করে।

নবম রাউন্ডের খেলায় মানহাস ক্যাসেল ৩-১ গেম পয়েন্টে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে। মানহা’স ক্যাসেলের পক্ষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অদিত্য দিনগ্রা যথাক্রমে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের তাহমিদুল হক ও মোহাম্মদ শাকিলকে পরাজিত করেন। লিওনাইন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনী ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে। আজ শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে স্পোর্টস বাংলাকে পরাজিত করে।

দশ পয়েন্ট নিয়ে স্পোর্টস বাংলা পঞ্চম স্থান লাভ করে। আট পয়েন্ট নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ষষ্ঠ স্থান লাভ করে। সাত পয়েন্ট নিয়ে দিপালী মেমোরিয়াল চেস ক্লাব সপ্তম, চার পয়েন্ট নিয়ে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি অষ্টম, তিন পয়েন্ট নিয়ে খেলাঘর দাবা সঙ্ঘ নবম এবং এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ দশম হয়। বাংলাদেশ পুলিশ সর্বনিম্ন স্থান পাওয়ায় প্রথম বিভাগে নেমে গেছে। অংশগ্রহণ না করায় বাংলাদেশ বিমান ও শেখ রাসেল চেস ক্লাবও প্রথম বিভাগে নেমে গেছে।

খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।