রফিকুল হায়দার ফরহাদ, রিয়াদ থেকে
আগের পাঁচটি ইসলামী সলিডারিটি গেমসে বাংলাদেশের পাওয়া পদকের একটি এসেছিল নারীদের কুস্তিতে। ২০১৮ সালে আজারবাইজানের বাকুতে হওয়া সেই গেমসে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন শিরিন আক্তার।
যদিও তিনি বাই পেয়ে সেই পদক অর্জন করেন। এই বাই প্রসঙ্গ উঠতেই সৌদি আরবে আসার আগে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে আপত্তি জানান কুস্তি ফেডারেশনের সেক্রেটারি মেজবাহ উদ্দিন আজাদ।
অবশ্য যেভাবেই হোক পদক কিন্তু জমা পড়েছে বাংলাদেশের ভাণ্ডারে। সেই কুস্তি দলই বৃহস্পতিবার ব্যর্থ একটি মিশন শেষ করলো সৌদি আরবের রিয়াদে। কোনো পদক জয়তো দূরের কথা কোনো ম্যাচই জিততে পারেনি।
বুধবার ৫৭ কেজিতে তিন ম্যাচ খেলে প্রত্যেকটিতে হেরেছেন মীম। আর বৃহস্পতিবার হালিমা আক্তার তো কোনো প্রতিরোধই গড়তে পারেননি। কিরগিজস্তানের প্রতিপক্ষের কাছে ১ মিনিট ২৪ সেকেন্ডে হেরেই বিদায় হালিমার।
৬ মিনিটের খেলায় দেড় মিনিট হওয়ার আগেই একজন কুস্তিগীর হেরে গেলে তা তার জন্য ভীষণ লজ্জার। তবে যে পরিস্থিতির মধ্যে রিয়াদে দুই লাল-সবুজ নারী কুস্তিগীরকে রিয়াদে পাঠানো হয়েছে তাতে তো লজা পাওয়া উচিত বাংলাদেশ রেসলিং ফেডারেশনের।
ইসলামী সলিডারিটি গেমস ও এস এ গেমস মিলে তিন মাসের অনুশীলন হয়েছিল কুস্তি দলের। সেখানে ম্যাট ছাড়াই অনুশীলন করতে হয়েছে দেড় মাস। তার ওপর কোনো কোচ ছাড়াই রিয়াদে এসেছে কুস্তি দল। এমন অবস্থায় একজন কুস্তিগীর ১ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত লড়েছেন সেটাই তো অনেক। যেখানে তার প্রতিপক্ষ কুস্তিগীর তৈরির জন্য বিখ্যাত মধ্য এশিয়ান অঞ্চলের দেশ কিরগিজস্তানের প্রতিযোগী।
বাংলাদেশের কুস্তিগীরদের নিজস্ব ভেন্যু নেই। একেক সময় তারা একেক স্থানে অনুশীলন করেন। আগে জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে অনুশীলন করলেও এখন সেখান থেকে বিতাড়িত। ফলে মিরপুর ইনডোর স্টেডিয়ামই ছিল ভরসা। কিন্তু সেখানে একেক দিনে একেক সমস্যা। কাভা ভলিবল হয়েছে সেখানে। চলছে বিশ্বকাপ কাবাডি। এছাড়া আরো নানান সমস্যা।
দেখা গেল সৌখিন ব্যাডমিন্টন খেলা হবে মিরপুর ইনডোরে। সুতরাং কুস্তির ম্যাট বিছানো যাবে না। এভাবেই বিভিন্ন সময় মিলে মোট দেড় মাস জাতীয় দলের কুস্তিগীররা ম্যাট ছাড়া অনুশীলন করেছেন।
রিয়াদে আসা হালিমা এবং মিম জানান, ‘এমনো সময় গেছে ইনডোরে অন্য খেলা। তাই আমাদের অনুশীলন করতে হয়েছে রাস্তায়। এভাবে তো কুস্তির উন্নতি হবে না।’
এবারের আসরে তুরস্ক, আজারবাইজান ও তিউনিশিয়ার তিন প্রতিযোগীর সাথে লড়াই করা রাজশাহীর মেয়ে মীম ক্ষোভের সাথে জানান, আমরা ইসলামী সলিডারিটি গেমসের মতো এতো বড় আসরে খেলতে আসলাম, অথচ আমাদের কোনো কোচ নেই। অনুশীলনে বা ম্যাচের সময় কে আমাদের ভুল ধরিয়ে দেবেন।’
কাল রিয়াদের বোলেভার্দ সিটি স্কোয়ার-২ তে হালিমার ম্যাচের সময় দেখা গেল খোদ কুস্তি ফেডারেশন সেক্রেটারি আজাদকে কোচের ভূমিকায়। বাংলাদেশে কি আর কোনো কোচ নেই যে ফেডারেশন সেক্রেটারিকেই কোচের দায়িত্ব পালন করতে হবে। জানা গেছে- নারী কুস্তি দলের কোচ ছিলেন শিরিন। তবে তিনি যুব এশিয়ান গেমসে দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের পর আর আসেননি সলিডারিটি কুস্তি দলের অনুশীলনে।
প্রশ্ন উঠেছে কুস্তি দল গঠন নিয়েও। বাহরাইনে শেষ হওয়া যুব এশিয়ান গেমসে পাঠানো হলো দুই নারী কুস্তিগীরকে। এবারে ইসলামী সলিডারিটি গেমসেও দুই নারী কুস্তিগীর। দেশে কি কোনো ছেলে কুস্তিগীর নেই।
গতকাল অ্যাথলেটিক্সে বাংলাদেশের হার্ডলার তানভীর ফয়সাল মুহিনের ১১০ মিটার হার্ডলসের হিটে ৫ জনের মধ্যে পঞ্চম হয়েছেন। তার টাইমিং ১৫.৩৩ সেকেন্ডে। পুরো হিটে সবচেয়ে বাজে টাইমিং ছিল তার। অথচ তার হিটে প্রথম হওয়া আজারবাইজানের এরগাশ নরমুদভব ১৪.০০ সেকেন্ডে প্রথম হন। মুহিন আর হালিমার বিদায়ের মাধ্যমে শেষ হলে বাংলাদেশের এবারের সলিডারিটি গেমস। প্রাপ্তি এক রৌপ্য আর চার ব্রোঞ্জ। আর আজ শেষ হচ্ছে গেমস।
এদিকে প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোকে স্বর্ণজয়ী পাকিস্তানের আরশাদ নাদিম স্বদেশী মোহাম্মদ ইয়াসিরকে হারিয়ে স্বর্ণ জিতেছেন।