আবারো মুখোমুখি কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। আবারো দু'জনে একই শিরোপার দাবিদার। ইউএস ওপেনের ফাইনালে লড়বেন সময়ের এই দুই সেরা তারকা।
উইম্বলডনের পর সিনসিনাটি ওপেনের ফাইনালেও মুখোমুখি হন দু'জনে। চলতি বছরে এ নিয়ে পঞ্চম গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি হবেন তারা। দেখা যাক বছরের শেষ লড়াইয়ে শেষ হাসি থাকে কার মুখে।
এদিকে ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা বাড়ল নোভাক জোকোভিচের। ইউএস ওপেনের সেমিফাইনালে শনিবার ভোরে কার্লোস আলকারাজের কাছে হেরেছেন। ২০২৩ সালে ইউএস ওপেনের পর আর গ্র্যান্ড স্লাম জিততে পারেননি এই সার্বিয়ান তারকা।
আর্থার অ্যাশন স্টেডিয়ামে জোকোভিচকে তেমন পাত্তাই দেননি আলকারাজ। একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ২ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে সরাসরি সেটে ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে ম্যাচটি জিতে যান ২২ বছর বয়সী স্প্যানিশ তারকা।
এই জয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন আলকারাজ। মাত্র ২২ বছর ১২৩ দিন বয়সে টেনিসের ওপেন যুগে সব ধরনের কোর্টে একাধিকবার গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠা সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে গেছেন তিনি।
অন্যদিকে ফাইনালে উঠেছেন গত আসরের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারও। এ নিয়ে টানা পঞ্চম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন সিনার। আর চতুর্থ পুরুষ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সবগুলো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন তিনি।
শনিবার সকালে কানাডার ২৫ নম্বর বাছাই ফেলিক্সের বিপক্ষে শুরুর সেটে দাপট দেখিয়ে ৬-১ গেমে জিতে যান সিনার। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ফেলিক্স। ৬-৩ গেমে সেট জিতে সমতা আনেন তিনি।
এরপর ফেলিক্স কে আর কোন সুযোগ দেননি সিনার। ব্রেক করে জিতেছেন পরের দুইটি সেট। ৬-৩, ৬-৪ গেমে জিতেছেন তিনি। এই জয়ে সবশেষ ৩৪ ম্যাচের ৩৩ জয় ও হার্ড কোর্টে টানা ২৭ জয়ের রেকর্ড গড়লেন সিনার।
ফাইনালে উঠে সিনারের সামনে এখন টানা দুটি ইউএস ওপেন জেতার হাতছানি। ২০০৮ সালে রজার ফেদেরারের পর আর কেউ ইউএস ওপেনে টানা চ্যাম্পিয়ন হয়নি। তবে নিশ্চয়ই ছাড় দেবেন না আলকারাজ।