দূর প্রাচ্যে ইসলামের দাওয়াহ কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দূর প্রাচ্যে ইসলামের দাওয়াহ’ শীর্ষক এক সেমিনার ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব এশিয়া দাওয়াহ নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘দূর প্রাচ্যে ইসলামের দাওয়াহ : চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয়’ বিষয়কে সামনে রেখে বিস্তারিত আলোচনা করা হয়।

একই অনুষ্ঠানে বিশিষ্ট গবেষক ও আলেম মুফতি ফয়জুল্লাহ আমান রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘দূর প্রাচ্যে ইসলামের দাওয়াহ’র মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাইখুস সানি ও জামিয়াতুল উলুম ইসলামিয়া ঢাকার নায়েবে মুহতামিম মাওলানা আবদুল গাফফার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক ও লেখক মাওলানা মূসা আল হাফিজ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ ও ইসলামিক সেন্টারের খতিব মুফতি ফয়জুল্লাহ আমান।

বক্তারা বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, চীনসহ দূর প্রাচ্যের অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসলামের দাওয়াহ, মুসলিমদের ধর্মীয় ও সামাজিক অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে একটি গবেষণাধর্মী কাজের প্রয়োজন ছিল। এ গ্রন্থ সেই শূন্যতা অনেকাংশে পূরণ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিশেষ বক্তা মুফতি ফয়জুল্লাহ আমান দক্ষিণ কোরিয়ায় দীর্ঘদিনের দাওয়াহ কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ভিন্ন সংস্কৃতি, ভাষা ও সামাজিক বাস্তবতায় হিকমাহ, ধৈর্য এবং উত্তম চরিত্রের মাধ্যমে ইসলামের দাওয়াহ পৌঁছে দেয়া সম্ভব। তিনি আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমকে যথাযথভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন।

আলোচনায় আরো বলা হয়, গ্রন্থটিতে দূর প্রাচ্যে দাওয়াহর পথে বিদ্যমান প্রতিবন্ধকতা, সম্ভাবনার নতুন দিগন্ত এবং বর্তমান সময়োপযোগী করণীয় অত্যন্ত তথ্যসমৃদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে এটি দাঈ, গবেষক ও ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে বিবেচিত হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, পূর্ব এশিয়া দাওয়াহ নেটওয়ার্কের এ উদ্যোগ এবং মুফতি ফয়জুল্লাহ আমানের গবেষণাধর্মী এ গ্রন্থ দূর প্রাচ্যে ইসলামের দাওয়াহ কার্যক্রমকে আরো বেগবান করতে কার্যকর ভূমিকা রাখবে।